ভারত-পাক উত্তেজনায় তীব্রতা!
দক্ষিণ এশিয়ায় ফের বাড়ছে যুদ্ধংদেহী উত্তেজনা। শনিবার সকালে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে বিস্ফোরণের ঘটনায় নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদের দাবি, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে রাওয়ালপিন্ডির নূর খান, সিন্ধুর সুক্কুর এবং পাঞ্জাবের মুরিদ এয়ারবেস লক্ষ্য করে। ঘটনার পর দ্রুত পদক্ষেপ হিসেবে পাকিস্তানের আকাশসীমায় সমস্ত ধরনের বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি বৈঠক ডেকেছেন ন্যাশনাল কমান্ড অথরিটি (NCA)-র সঙ্গে। জাতীয় নিরাপত্তা ও পারমাণবিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ এই সংস্থার সঙ্গেই পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
পাক সেনার তরফে জানানো হয়েছে, তারা এই হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। ‘অপারেশন বান্যান মারসুস’ নামক প্রতিঘাত অভিযানের পরিকল্পনা চলছে বলে জানানো হয়েছে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমে। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের রাজৌরি অঞ্চলে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন একজন সরকারি আধিকারিক-সহ তিনজন। শুক্রবার রাতে রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে একটি গোলা আছড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোকপ্রকাশ করে জানান, ‘‘এই অপূরণীয় ক্ষতি শুধু প্রশাসনিক ব্যবস্থার জন্য নয়, সমগ্র রাজ্যের জন্যই এক বড় আঘাত।’’
ভারতের তরফে এখনও পর্যন্ত সরাসরি কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই আগেই নির্ধারিত সাংবাদিক বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে। ভোর পাঁচটা থেকে জম্মু, শ্রীনগর ও রাজৌরিতে ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্রের দাবি, পাকিস্তান দিল্লিকে লক্ষ্য করে ‘ফতেহ ১’ নামের একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, যা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। হরিয়ানার সিরসার আকাশে এই ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত-পাক সীমান্তে অন্তত ২৬টি জায়গায় ড্রোন হামলারও খবর পাওয়া যাচ্ছে, যা এখনো সরকারিভাবে নিশ্চিত হয়নি। তবু আকাশে বিমান চলাচল বন্ধ, সেনা মোতায়েন বৃদ্ধি এবং প্রতিঘাতের বার্তা—সব মিলিয়ে দুই দেশের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ইঙ্গিত মিলছে।
বর্তমানে সারা উপমহাদেশ এই উত্তেজনার দিকে তাকিয়ে। দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাত কী দিকে গড়ায়, তা সময়ই বলবে।
ভারত-পাকিস্তান সংঘাতে মিথ্যাচারের তৎপরতা: ভুয়ো খবরকে হাতিয়ার করছে পাকিস্তান