ভারতের হুঁশিয়ারিতে টালমাটাল পাকিস্তান, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত শরিফ সরকারের

ভারতের হুঁশিয়ারিতে টালমাটাল পাকিস্তান! কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ফের তেতে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ প্রকাশ্যেই স্বীকার…

April 29, 2025
1 min read

ভারতের হুঁশিয়ারিতে টালমাটাল পাকিস্তান!

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ফের তেতে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ প্রকাশ্যেই স্বীকার করলেন, তারা নিজেদের বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখছে। এমনকি প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও বললেন তিনি!

সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ জানান, ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কৌশলগত কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই পথেই হাঁটছি আমরা।’’ তাঁর দাবি, ভারতীয় সেনা আক্রমণের সম্ভাবনার বিষয়টি পাক সেনাবাহিনী সরাসরি সরকারকে জানিয়েছে। যদিও কোন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা, তা স্পষ্ট করেননি আসিফ।

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় নাগরিক নিহত হন। ওই ঘটনায় ভারতের অভিযোগের তির সরাসরি পাকিস্তানের দিকে। যদিও ইসলামাবাদ দাবি করছে, তাদের এই ঘটনায় কোনও হাত নেই। বরং নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছে তারা।

ভারতের তরফে পাল্টা পদক্ষেপ শুরু হয়েছে। সরাসরি না হলেও, ভারতীয় বাহিনীর শক্তি প্রদর্শনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই আবহেই পাকিস্তানের তরফে বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শরিফ সরকারের প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও জানান, ‘‘পাকিস্তান এখন উচ্চ সতর্কতা জারি রেখেছে।’’ প্রসঙ্গত, দুই দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র। বহু আন্তর্জাতিক বিশ্লেষকই আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে দুই দেশই পরমাণু অস্ত্র ব্যবহারের দিকে এগোতে পারে।

এই প্রসঙ্গে আসিফের মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘পাকিস্তানের অস্তিত্বের উপর সরাসরি কোনও হুমকি তৈরি হলে, তখনই কেবল আমাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যবহার করা হবে।’’

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছিলেন, তারা যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত। ইতিমধ্যে পাক সেনাপ্রধান আসিম মুনির সেনাবাহিনীর নির্দিষ্ট কোর ও ইউনিটগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক এতটাই উত্তপ্ত যে সামান্য কোনও উস্কানিতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তান সরকারের এহেন সুর চড়ানো, বাহিনী সক্রিয় করা এবং পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তোলা নিছক প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি ভবিষ্যতের জন্য বড় কোনও সংঘাতের ইঙ্গিত? সময়ই দেবে তার উত্তর।

বিএসএফ কর্তাদের আশ্বাসেও থেমে নেই উৎকণ্ঠা, সোমবার পঞ্জাব যাচ্ছেন পূর্ণমের স্ত্রী

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *