বঙ্গোপসাগরের বুক থেকে আবারও জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সমুদ্রের এই ‘দুঃখের সাগর’ বারবারই ঝড়ের জন্ম দেয়, আর এবারও তার ব্যতিক্রম নয়। বর্ষার বিদায়ের মুখে এই ঝড়ের আগমন দক্ষিণ ভারতের জন্য এক বড় বিপত্তি হতে চলেছে।
বর্তমানে নর্থ-ইস্ট মনসুনের মৌসুম ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই এই অঞ্চলে ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হবে, যা দ্রুত সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এর প্রধান কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন বঙ্গোপসাগরের উপর ‘ম্যাডেন-জুলিয়ান অসিলেশন’ বা এমজেও প্রভাব, যা সাইক্লোজেনেসিস সিস্টেমের জন্ম দেবে।

ঝড়ের এই প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষত, উত্তর তামিলনাড়ু, পদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর এর প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে এই ঝড়ের সম্ভাব্য গতিবিধি নিয়ে আশঙ্কা বাড়ছে, এবং ১৬ অক্টোবর নাগাদ এটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় ১৭ অক্টোবরের মধ্যে ল্যান্ডফল করবে। ঝড়ের গতিপথ এবং প্রভাব নিয়ে এখনও পর্যবেক্ষণ চলছে, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে রেড ওয়ার্নিং এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। রেড ওয়ার্নিং মানে পরিস্থিতি এতটাই গুরুতর যে, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, অরেঞ্জ অ্যালার্টের ক্ষেত্রে এখনই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলেও সতর্ক থাকতে বলা হচ্ছে।

ঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকা প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে এবং উপকূল অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া দফতর সকলকে সতর্ক করে দিয়েছে। এই সময়ে উপকূলীয় অঞ্চলে জনসাধারণকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।