মোদীর ২৫ বছর পূর্তিতে কলকাতায় রাজনাথ
গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—সরকারের শীর্ষ পদে নরেন্দ্র মোদীর একটানা ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই কর্মসূচি পালিত হবে। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করা হবে। তার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বুধবার কলকাতায় এসে মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
রাজনাথের বক্তব্য, এই উদ্যাপন শুধুমাত্র মোদীকে ঘিরে নয়। তাঁর কথায়, ‘‘এটি কোনও ব্যক্তি বিশেষের কাহিনি নয়। নতুন ভারতের কাহিনি। মোদীর আমলে ভারতের রূপান্তরের কাহিনি।’’ তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ ২৫ বছর দায়িত্ব সামলানোর পরেও মোদীর প্রতি মানুষের আস্থা বজায় রয়েছে। ভারতীয় গণতন্ত্রে এমন দীর্ঘ প্রশাসনিক যাত্রা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। রাজনাথের মতে, মোদীর ২৫ বছরের রাজনৈতিক-প্রশাসনিক পথচর্যাকে এক শব্দে প্রকাশ করতে হলে সেটি হবে ‘সেবা’।
প্রতিরক্ষামন্ত্রী মোদীকে ‘নতুন ভারতের রূপকার’ হিসাবে তুলে ধরে বলেন, বড় পরিবর্তনের জন্য প্রয়োজন বৃহত্তর দৃষ্টিভঙ্গি, সঠিক নীতি, শক্তিশালী বাস্তবায়ন, রাজনৈতিক সদিচ্ছা এবং সিদ্ধান্তে অটল থাকার সাহস। তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদী একই ধরনের দৃঢ়তা ও রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন।
এর পরেই ২০১৪ সালের আগের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন রাজনাথ। তাঁর বক্তব্য, ২০১৪ সালের আগে ভারতীয় অর্থনীতিকে প্রায়ই ‘অতিরিক্ত নিয়ন্ত্রিত’ এবং ‘অদক্ষ ভাবে পরিচালিত’ অর্থনীতি হিসাবে দেখা হত। বর্তমানে অর্থনীতি আরও সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে বলে দাবি তাঁর। ভারতের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। এই সাফল্যের ভিত্তি হিসাবে তিনি ‘মোদীনমিক্স’-এর কথা বলেন এবং ‘ইন্ডিয়া’-কে অন্তর্ভুক্তিমূলক, নতুন যুগের, ডিজিটাল, উদ্ভাবনী ও আত্মনির্ভর অর্থনীতির প্রতীক হিসাবে ব্যাখ্যা করেন।
মোদী সরকারের সামাজিক নীতিরও প্রশংসা করেন রাজনাথ। তাঁর দাবি, গত ১২ বছরের প্রধানমন্ত্রিত্বে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠেছেন এবং ৯৪ কোটির বেশি মানুষ সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় এসেছেন। ২০১৪ সালের আগে ভারতের জনশক্তি ও মেধাশক্তি থাকলেও নেতৃত্বের অভাবে তার পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি—এমনই দাবি তাঁর। মোদী সেই সম্ভাবনাকে কাজে লাগানোর উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনকেও মোদীর নেতৃত্বের সঙ্গে যুক্ত করেন রাজনাথ। তাঁর দাবি, একসময় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে—এমন কথা কেউ ভাবতেন না। মোদীর নেতৃত্বেই তা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের চার মাসের কাজেরও প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, অল্প সময়ের মধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন কাজ নিয়ে দেশের অন্য রাজ্যেও আলোচনা হচ্ছে। রাজনাথের বক্তব্যে মোদীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সাম্প্রতিক সময়ের কাজও বিশেষ গুরুত্ব পায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।