পর্তুগালকে নিয়ে দুই শব্দে জল্পনা বাড়ালেন রোনাল্ডো
ফিফা বিশ্বকাপে পর্তুগালের স্বপ্নভঙ্গের পর থেকেই প্রশ্ন উঠছিল— এ বার কি জাতীয় দলের জার্সিকেও বিদায় জানাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? তবে সেই জল্পনার মাঝেই সামাজিক মাধ্যমে মাত্র দু’টি শব্দ লিখে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সিআর৭।
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছে পর্তুগাল। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্নও শেষ হয়েছে রোনাল্ডোর। এরপর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ফুটবলমহলে নানা জল্পনা শুরু হয়। কিন্তু ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি।
রোনাল্ডো দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে তাঁকে পর্তুগালের জার্সিতে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অন্যটিতে সতীর্থদের সঙ্গে মাঠে হাডলে অংশ নিচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Portugal Sempre”— যার বাংলা অর্থ, “পর্তুগাল চিরকাল”।
এই সংক্ষিপ্ত বার্তা নিয়েই শুরু হয়েছে নানা ব্যাখ্যা। একাংশের মতে, এটি হয়তো জাতীয় দলকে বিদায় জানানোর আবেগঘন ইঙ্গিত। আবার অন্যদের বিশ্বাস, রোনাল্ডো বোঝাতে চেয়েছেন যে তিনি এখনও দেশের হয়ে খেলার ইচ্ছা হারাননি এবং পর্তুগালের জন্য লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
বিশ্বকাপ চলাকালীনই রোনাল্ডো জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। স্পেনের বিরুদ্ধে হারের পর তিনি বলেন, বিশ্বকাপে তাঁর যাত্রা শেষ হলেও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি স্পষ্ট করেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, আবেগ কাটিয়ে তবেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
৪১ বছর বয়সি এই তারকা আরও জানান, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। তাঁর মতে, আবেগের বশে নয়, সব দিক বিবেচনা করেই ভবিষ্যৎ নির্ধারণ করবেন। একই সঙ্গে তিনি মনে করেন, পর্তুগাল দলের এখনও তাঁর প্রয়োজন রয়েছে।
রোনাল্ডোর এই সাম্প্রতিক পোস্ট তাই অবসরের জল্পনা থামাতে পারেনি। বরং “Portugal Sempre” বার্তা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে— সিআর৭ কি আরও কিছুদিন পর্তুগালের জার্সিতে মাঠে দেখা যাবেন, নাকি এটাই তাঁর আন্তর্জাতিক অধ্যায়ের শেষ আবেগঘন ইঙ্গিত? উত্তর মিলবে সময়ই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?