বিশ্বকাপ চলাকালীন রহস্যমৃত্যু ডাচ রেফারির!
ফুটবল বিশ্বকাপ চলাকালীনই সামনে এল এক চাঞ্চল্যকর খবর। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক রেফারি রব ডিপারিঙ্ক রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছেন। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। ডাচ ফুটবল সংস্থা জানিয়েছে, এই আকস্মিক ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।
বিশ্বকাপের রেফারিদের প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বাদ দেয় ফিফা। কারণ, তাঁর বিরুদ্ধে লন্ডনে এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তী তদন্তে সেই অভিযোগের কোনও ভিত্তি পাওয়া যায়নি।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ এপ্রিল ক্রয়ডনে এক কিশোরের যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ডিপারিঙ্ককে গ্রেফতার করা হয়েছিল। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্তে পৌঁছায় যে অভিযোগের পক্ষে কোনও বিশ্বাসযোগ্য তথ্য নেই। ফলে তাঁর বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
আইনি ভাবে মুক্তি পেলেও ফিফা তাঁকে বিশ্বকাপে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বদলায়নি। রেফারিদের চূড়ান্ত তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তে তীব্র হতাশা প্রকাশ করেছিলেন ডিপারিঙ্ক। তিনি জানিয়েছিলেন, তদন্তের শুরু থেকেই পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও ডাচ ফুটবল কর্তৃপক্ষকে সব তথ্য জানিয়েছেন। তাঁর দাবি ছিল, ডাচ ফুটবল সংস্থা তাঁকে সমর্থন করলেও ফিফা তাঁর বক্তব্য গুরুত্ব দেয়নি।
ডিপারিঙ্ক বলেছিলেন, বিশ্বকাপে রেফারিং করার স্বপ্ন ভেঙে যাওয়ায় তিনি ভীষণ হতাশ। তাঁর মতে, মিথ্যা অভিযোগের জেরেই জীবনের অন্যতম বড় সুযোগ হারাতে হয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, ঘটনাটি ঘটেছিল এপ্রিল মাসে উয়েফা কনফারেন্স লিগে ক্রিস্টাল প্যালেস ও ফিয়োরেন্তিনার ম্যাচ পরিচালনার সময়। লন্ডনে ম্যাচের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার আগেই উয়েফার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
এখন তাঁর আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ জানার অপেক্ষায় ফুটবল মহল। ডাচ ফুটবল সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?