বিশ্বকাপে বড় ধাক্কা ব্রাজ়িলের!
বিশ্বকাপের মঞ্চে ফের সমস্যায় পড়ল ব্রাজ়িল। জাপানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া লুকাস পাকুয়েতার এবারের প্রতিযোগিতায় আর খেলার সম্ভাবনা কার্যত শেষ বলে মনে করা হচ্ছে। মিডফিল্ডারের চোটে কার্লো আনচেলোত্তির দলকে নতুন পরিকল্পনা নিয়ে নামতে হতে পারে। আর সেই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে নেমারের নাম।
রাফিনহার পর পাকুয়েতাই ব্রাজ়িলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফুটবলার, যিনি চোটের কারণে সমস্যায় পড়েছেন। মঙ্গলবার ব্রাজ়িল দলের তরফে জানানো হয়েছে, পাকুয়েতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর বাঁ পায়ের ঊরুর পিছনের পেশিতে চোট রয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
যদিও ব্রাজ়িলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, পাকুয়েতার চোট এতটাই গুরুতর যে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা সম্ভব হবে না তাঁর। ফাইনালের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও খুব কম। জাপান ম্যাচের পর কোচ আনচেলোত্তি বলেছিলেন, “আমরা সবাই প্রার্থনা করছি, পাকুয়েতা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।” তবে পরিস্থিতি আশানুরূপ নয় বলেই খবর।
পাকুয়েতার অনুপস্থিতিতে তাঁর জায়গায় বিকল্প খুঁজতে হচ্ছে ব্রাজ়িল কোচকে। জাপান ম্যাচে তাঁর পরিবর্ত হিসাবে নেমেছিলেন দানিলো সান্তোস। সম্ভবত তাঁকেই পরের ম্যাচে প্রথম একাদশে দেখা যেতে পারে।
তবে পাকুয়েতার চোট নতুন একটি সম্ভাবনাও তৈরি করেছে। সেটি হল নেমারের প্রথম একাদশে ফেরার সুযোগ। যদিও পাকুয়েতার মতো একই ভূমিকায় নেমারকে খেলানো কঠিন। কারণ দীর্ঘ চোট কাটিয়ে ফিরলেও এখনও তাঁকে শরীরের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আনচেলোত্তি চাইলে আক্রমণভাগ আরও শক্তিশালী করার জন্য তরুণ এনদ্রিককেও প্রথম একাদশে রাখতে পারেন। সে ক্ষেত্রে মাতিয়াস কুনহাকে কিছুটা নিচে নেমে মিডফিল্ডের দায়িত্ব সামলাতে হতে পারে। এনদ্রিককে সামনে রেখে চার আক্রমণাত্মক ফুটবলার নিয়ে খেলার কৌশলও নিতে পারেন ব্রাজ়িল কোচ।
এখন সব নজর ব্রাজ়িলের পরবর্তী অনুশীলনের দিকে। পাকুয়েতার অনুপস্থিতিতে আনচেলোত্তি কোন পথে হাঁটেন, সেটাই ঠিক করবে বিশ্বকাপের পরের লড়াইয়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?