বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’!
গোলের বন্যা চলছে এ বারের বিশ্বকাপে। একের পর এক ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের সাক্ষী থাকছেন দর্শকেরা। তারই প্রমাণ মিলল আরও একটি নজিরে। মাত্র ৩৩তম ম্যাচেই বিশ্বকাপের এবারের আসর ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলল, যা গত ৬৮ বছরের মধ্যে দ্রুততম।
নেদারল্যান্ডসের কোডি গাকপো সুইডেনের বিরুদ্ধে দলের পঞ্চম গোলটি করে এবারের বিশ্বকাপের ১০০তম গোলের মালিক হন। এর আগে ১২ জুন মেক্সিকোর জুলিয়ান কুইনোনস প্রতিযোগিতার প্রথম গোলটি করেছিলেন।
এর আগে ১৯৮২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক এসেছিল ৩৬তম ম্যাচে। সেই রেকর্ডকে পিছনে ফেলে দিল এ বারের বিশ্বকাপ। ১৯৭৮ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে ১০০ গোল পূর্ণ হয়েছিল ৩৮তম ম্যাচে।
তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০০ গোল হওয়ার নজির রয়েছে ১৯৫৪ সালের আসরে। সেই বিশ্বকাপে মাত্র ২০টি ম্যাচেই গোলের সেঞ্চুরি হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দশকের মধ্যে এ বারের বিশ্বকাপের মতো দ্রুত গোলের এই গতি দেখা যায়নি।
এ বারের বিশ্বকাপে গোলের সংখ্যা দ্রুত বাড়ার অন্যতম কারণ হল আক্রমণাত্মক কৌশল। জার্মানি বনাম কুরাসাও ম্যাচে মোট ৮টি গোল হয়েছিল। আবার নেদারল্যান্ডস ও সুইডেনের লড়াইয়েও দেখা যায় ৬ গোলের উৎসব।
শুধু বিশ্বকাপের মোট গোলের মাইলফলকই নয়, নেদারল্যান্ডসও তৈরি করেছে আলাদা নজির। সুইডেনের বিরুদ্ধে ব্রবির ১৭ মিনিটের গোলটি ছিল বিশ্বকাপে ডাচদের ১০০তম গোল। এর ফলে নেদারল্যান্ডস বিশ্বকাপের ইতিহাসে ১০০ গোল করা অষ্টম দেশ হয়ে উঠেছে।
একই দিনে আরও একটি বড় মাইলফলকের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। জাপান ও টিউনিশিয়ার ম্যাচটি ছিল বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচ। অর্থাৎ এক দিনেই তিনটি উল্লেখযোগ্য নজির তৈরি হল— বিশ্বকাপে ১০০ গোল, নেদারল্যান্ডসের শততম গোল এবং বিশ্বকাপের ১০০০তম ম্যাচ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?