বিয়ের আগেই চাই ‘ইননার গ্লো’?
সামনেই বিয়ে— তারিখ ঠিক হতেই যেন দৌড়ঝাঁপ শুরু। পোশাক, গয়না, মেকআপের পাশাপাশি হবু কনেদের মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন— বিয়ের দিন ত্বক ঝলমলে হবে তো? অনেকেই ভাবেন, বিয়ের ঠিক আগের দিন একটা দামি ফেশিয়াল করালেই সব ঠিক। কিন্তু বাস্তবটা একটু আলাদা। বাইরে থেকে যত প্রসাধনীই ব্যবহার করুন না কেন, ভিতর থেকে শরীর সুস্থ না হলে ত্বকের সেই স্বাভাবিক জেল্লা আসে না।
আসলে ত্বকের যত্ন শুরু হয় পেট থেকে। শরীর ডিটক্স না হলে, পর্যাপ্ত ভিটামিন-খনিজ না পেলে কোলাজেনও ঠিকমতো তৈরি হয় না। তাই দীর্ঘমেয়াদে সুন্দর ত্বক পেতে হলে রুটিনে আনতেই হবে কিছু প্রাকৃতিক ‘বিউটি ড্রিঙ্ক’। এগুলো শুধু ত্বক উজ্জ্বল করে না, শরীরকেও রাখে হাইড্রেটেড ও সতেজ। চলুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি সহজ অথচ দারুণ কার্যকর পানীয়ের কথা।
১. এবিসি জুস (আপেল–বিট–গাজর)
এই জুস ত্বকের জন্য একেবারে পাওয়ার প্যাক। একটি আপেল, অর্ধেক বিট ও একটি গাজর ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে সামান্য লেবুর রস আর এক চিমটি বিট নুন মিশিয়ে নিন। ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই পানীয় ত্বক পরিষ্কার রাখে ও রক্ত সঞ্চালন বাড়ায়। সকালে খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
২. ডাবের জল ও চিয়া বীজের পানীয়
এক গ্লাস ডাবের জলে ১ চামচ ভেজানো চিয়া বীজ মিশিয়ে নিন। চাইলে উপরে পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন। এই পানীয় ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে, ফোলা ভাব কমায় এবং হজমেও সাহায্য করে। গরমে বা ব্যস্ত দিনে এটা সত্যিই লাইফসেভার।
৩. আমলকি ও অ্যালো ভেরা শট
দুটি টাটকা আমলকির রস বের করে এক কাপ ঈষদুষ্ণ জলে মেশান। তার সঙ্গে দিন ২ চামচ অ্যালো ভেরা জেল। নিয়মিত পান করলে বলিরেখা কমে, ত্বক টানটান থাকে এবং কোলাজেন উৎপাদন বাড়ে। ইমিউনিটিও ভালো থাকে— বিয়ের আগে অসুখ-বিসুখ দূরে রাখতেও দারুণ।
৪. শসা ও ধনেপাতার কুলিং জুস
ব্রণ, র্যাশ বা ত্বকের জ্বালাপোড়ার সমস্যা থাকলে এই জুস খুব উপকারী। একটি শসা, এক মুঠো ধনেপাতা বা পুদিনা, সামান্য আদা ব্লেন্ড করে ছেঁকে নিন। শেষে একটু লেবুর রস যোগ করুন। শরীর ঠান্ডা রাখে, ত্বকও শান্ত থাকে।
৫. কেসর-বাদাম শরবত
৫–৬টি ভেজানো কাঠবাদাম বেটে নিন। এক গ্লাস হালকা গরম দুধ বা নারকেলের দুধে এক চিমটি কেসর ভিজিয়ে রাখুন। পরে বাদাম বাটা মিশিয়ে নিন। এই পানীয় ত্বকের কালচে ছোপ কমাতে সাহায্য করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায়।
মনে রাখবেন, ম্যাজিক কোনও একদিনে হয় না। অন্তত এক–দেড় মাস আগে থেকে এই পানীয়গুলো রুটিনে রাখলে তবেই তার প্রভাব দেখা যাবে। বাইরে ফেশিয়াল নয়, ভিতর থেকে যত্নই আপনাকে বিয়ের দিনে এনে দেবে সেই কাঙ্ক্ষিত ‘ব্রাইডাল গ্লো’। 💍✨
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই