প্রচার নিয়ে পরিচালক-প্রযোজকের ক্ষোভের জবাব নিলেন অভিনেতা
পুজোয় মুক্তি পাওয়ার কথা আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবির— নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২ এবং অনীক দত্তর যত কাণ্ড কলকাতাতেই। কিন্তু মুক্তির আগে থেকেই দ্বিতীয় ছবিকে ঘিরে উঠেছে বড় বিতর্ক। পরিচালক অনীক দত্তর অভিযোগ, ছবির নায়ক আবীর প্রচারে কোনো সহযোগিতা করছেন না। অসুস্থ পরিচালকের আরও ক্ষোভ, অভিনেতা একবারও তাঁর খোঁজ নেননি।
সোমবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন অনীক ও প্রযোজক ফিরদৌসল হাসান। তাঁদের দাবি, উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সঙ্গে আবীরের চুক্তি থাকায় তিনি যত কাণ্ড কলকাতাতেই মুক্তি আটকানোর চেষ্টা করছেন এবং প্রচার থেকেও দূরে থাকছেন। এই অভিযোগের পর থেকে প্রশ্নের মুখে পড়েন জনপ্রিয় অভিনেতা।
মুম্বই থেকে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন আবীর। হাসতে হাসতেই তিনি বলেন, “শুনলাম অনীকদা উদাহরণ দিতে গিয়ে আমার নামের সঙ্গে অমিতাভ বচ্চনের নামও টেনেছেন! এ তো আমার জন্য সম্মানের।”
তবে পাল্টা যুক্তিও দিয়েছেন অভিনেতা। তিনি জানান, শনিবারই তিনি ছবির জন্য ‘প্যাচ ডাবিং’ করেছেন। “আমার যদি ছবির মুক্তি আটকানোর ইচ্ছে থাকত, তবে আমি কেন ডাবিং করলাম? ওই দিনই প্রথম জানলাম অনীকদার অসুস্থতার কথা। তখনই তাঁকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছি,” বলেন আবীর। তাঁর বক্তব্য, পরিচালকের স্বাস্থ্য নিয়ে তিনি চিন্তিত, কিন্তু অভিযোগে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে অযথা।
অভিনেতার আরও প্রশ্ন, “শনিবার আমাদের কথাবার্তার পর রবিবার কেন সাংবাদিক বৈঠকের ঘোষণা করা হল আমাকে না জানিয়ে? এটা কি ভদ্রতার মধ্যে পড়ে?” প্রযোজকের বক্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। ফিরদৌসল হাসান বলেছিলেন, ছবি সবসময় অভিনেতার চেয়ে বড়। আবীরের কথায়, “যদি তাই হয়, তবে শুরু থেকেই আমি ছবির মুক্তি নিয়ে কোনো আপত্তি তুলিনি।”
এখানেই শেষ নয়। একদিনে একাধিক ছবি মুক্তি পাওয়ার ইতিহাসও টেনে এনেছেন আবীর। “২০১৪ সালে বেণী সংহার এবং বাদশাহী আংটি মুক্তি পেয়েছিল একদিনে, দুটোই হিট হয়েছিল। ২০১৫ সালে কাটমুণ্ডু আর রাজকাহিনীও একই দিনে মুক্তি পেয়ে সফল হয়। তাই এই যুক্তি যে আমি দর্শক ভাগ করতে চাই, তা ভিত্তিহীন,” বলেন তিনি। অভিনেতার মতে, একটি ছবি পুজোয় আর একটি অন্য সময়ে মুক্তি পেলে বাণিজ্যিকভাবে দুটোই লাভবান হতো।
বিতর্ক নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি আবীর। তাঁর মন্তব্য, “প্রচার হচ্ছে না বলে অভিযোগ করছেন অনীকদা আর হাসানদা, অথচ আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে দারুণ প্রচারই তো হয়ে গেল ছবির!”
পুজোর আগে এই বিতর্ক ছবিটিকে নতুন মাত্রা দিয়েছে। দর্শক এখন অপেক্ষায়—বিতর্কের এই গরম হাওয়ার মাঝেই কেমন ঝড় তোলে যত কাণ্ড কলকাতাতেই।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ