প্রেম ভাঙার রাগেই ফাঁসের অভিযোগ প্রকাশ্যে!!
মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নেপথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রেমকাহিনি। পুলিশের দাবি, প্রেমিকার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা এবং পরে সম্পর্ক ভেঙে যাওয়ার জেরেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতদের মধ্যে এমপিএসসির তিন আধিকারিকও রয়েছেন।
গত ২২ মার্চ ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষা হয়েছিল। তদন্তকারীদের দাবি, পরীক্ষার্থী ঋতুজা পাটিলের বাবা অমৃত পাটিল নন্দুরবাড়ের একটি কোচিং সেন্টারের মালিক প্রবীণ পাটিলের কাছ থেকে মেয়ের জন্য পরীক্ষার প্রশ্নপত্র কিনেছিলেন। প্রাথমিক ভাবে প্রায় ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং মোট ১২ লক্ষ টাকার চুক্তি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
প্রেমিককেও দেওয়া হয়েছিল প্রশ্নপত্র?
পুলিশের দাবি, ঋতুজার প্রেমিক গৌরব পাটিলও ওই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। প্রশ্নপত্র পাওয়ার পর ঋতুজা সেটি গৌরবকে দিয়েছিলেন বলে অভিযোগ। দু’জনেই পরীক্ষা দেন। ফল প্রকাশের পর ঋতুজা উত্তীর্ণ হলেও গৌরব পরীক্ষায় সফল হননি।
এর পরেই দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়। পুলিশের দাবি, ঋতুজার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা মেনে নিতে পারছিলেন না গৌরব। শেষ পর্যন্ত তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।
প্রেম ভাঙতেই সামনে এল প্রশ্নফাঁস?
তদন্তকারীদের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পর গৌরবই পুলিশে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন। যদিও পরে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর, তত ক্ষণে তদন্ত শুরু হয়ে গিয়েছিল। তদন্তে উঠে আসে, পরীক্ষার আগেই গোপনে প্রশ্নপত্র বিক্রির অভিযোগের সত্যতা রয়েছে।
এর পরেই ২০২৪ সালের মহারাষ্ট্র কম্পিটিটিভ এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।
ধৃত ৬, বাতিল পরীক্ষা
এই ঘটনায় এমপিএসসির তিন আধিকারিক—বিশ্বেশ্বর দত্তাত্রেয় নাকাতে, অভিজিৎ গণপতরা লেন্ডভে এবং গোপাল ভাট্টু মরাঠে—গ্রেফতার হয়েছেন। তাঁদের সঙ্গে কোচিং সেন্টারের মালিক প্রবীণ পাটিল, ঋতুজার বাবা অমৃত পাটিল এবং প্রেমিক গৌরব পাটিলকেও গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের আদালতে হাজির করানো হলে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর এমপিএসসি ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষাটি বাতিল করেছে। প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে কী ভাবে একটি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে এল, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।