‘প্রয়োজনে আবার ইরানে ঢুকব’, কড়া বার্তা নেতানিয়াহুর!
ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আমেরিকা ও তেহরানের মধ্যে আলোচনা চললেও নিজেদের অবস্থানে অনড় ইজ়রায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে পিছপা হবে না তাঁর সরকার। একই সঙ্গে গাজ়া ও দক্ষিণ লেবাননে চলা সামরিক অভিযানও অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইজ়রায়েলের অস্তিত্ব রক্ষাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। তাঁর দাবি, অতীতেও ইজ়রায়েল দু’বার ইরানে অভিযান চালিয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে তৃতীয় বারও একই পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, যত দিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তত দিন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।
নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট, ইরান এবং তাদের সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইজ়রায়েলের অভিযান এখনও শেষ হয়নি। গত কয়েক বছরে উল্লেখযোগ্য সামরিক সাফল্যের দাবি করলেও তিনি জানান, তাঁর লক্ষ্য এখনও ‘পূর্ণাঙ্গ জয়’। সেই কারণেই গাজ়ায় সামরিক অভিযান বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।
গাজ়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান থামার কোনও সময়সীমা নেই। তাঁর মতে, ইজ়রায়েল এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ইরানের অবশিষ্ট সামরিক প্রভাবও নির্মূল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ লেবানন নিয়েও একই রকম কড়া অবস্থান নিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এখনও ইজ়রায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। সেই কারণে হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
অন্য দিকে, পশ্চিম এশিয়ায় সংঘাত কমানোর লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। দুই দেশ সংঘর্ষবিরতিতে নীতিগত সম্মতি জানিয়েছে এবং মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে প্রথম দফার বৈঠকও হয়েছে। তবে এখনও চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। দ্বিতীয় দফার আলোচনা কবে হবে, তা-ও স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে লেবাননে ইজ়রায়েলের ধারাবাহিক হামলা নিয়ে আপত্তি জানিয়েছে ইরান। তেহরানের দাবি, লেবাননে হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। এমনকি মার্কিন প্রেসিডেন্টও লেবাননে ইজ়রায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
তবে আন্তর্জাতিক চাপ বা সমালোচনায় যে ইজ়রায়েল তার কৌশল বদলাবে না, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যে সেই বার্তাই আরও স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর সরকারের দাবি, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান, গাজ়া ও লেবানন— তিন ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে ইজ়রায়েল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?