দেবের পরের ছবিতে কি দেখা যাবে ‘অ্যাম্বুল্যান্স দাদা’কে!
বড়দিন মানেই দেবের জন্মদিন, আর সেই সঙ্গেই নতুন ছবি— এই রেওয়াজটা গত কয়েক বছর ধরেই যেন পাকাপাকি হয়ে গিয়েছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’। ছবির প্রচার এখন তুঙ্গে, দর্শকদের আগ্রহও চোখে পড়ার মতো। কিন্তু ঠিক এই সময়েই টলিউডে ছড়াল আরও এক গুঞ্জন— ‘প্রজাপতি ২’ মুক্তির আগেই নাকি দেবের পরের ছবির খবর ফাঁস হয়ে গিয়েছে!
শোনা যাচ্ছে, আগামী অগস্ট মাসে দেব একেবারে অন্য রূপে বড়পর্দায় ফিরতে পারেন। এ বার তিনি নাকি অভিনয় করবেন পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবক ‘অ্যাম্বুল্যান্স দাদা’র চরিত্রে। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, এই ছবির বিষয়বস্তু ইতিমধ্যেই প্রাথমিক ভাবে ঠিক হয়ে গিয়েছে।
এই খবরের সত্যতা জানতে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল দেব-এর সঙ্গে। তবে প্রযোজক-নায়ক ফোনে ধরা দেননি। ফলে আপাতত সবটাই গুঞ্জনেই রয়ে গেল।
শুধু নায়ক নয়, নায়িকা নির্বাচন নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, দেবের বিপরীতে এ বার দেখা যেতে পারে ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিক-কে। এর আগেও দেব তাঁর ছবিতে টেলিভিশনের অভিনেত্রীদের সুযোগ দিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই নাকি অঙ্কিতার নাম উঠে এসেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই সম্ভাব্য ছবির কেন্দ্রীয় চরিত্র যাঁকে ঘিরে, তিনি বাস্তব জীবনের এক অনন্য নায়ক— করিমূল হক। জলপাইগুড়ির বাসিন্দা করিমূল হক পরিচিত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে। ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ার কারণে তাঁর মায়ের মৃত্যু হয়। সেই ব্যক্তিগত ট্র্যাজেডিই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর নিজের বাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে তিনি প্রত্যন্ত চা বাগান এলাকার অসুস্থ ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন।
দীর্ঘ দিনের এই নিঃস্বার্থ মানবসেবার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বাস্তব জীবনের এমন এক অনুপ্রেরণামূলক চরিত্রকে যদি দেব পর্দায় তুলে ধরেন, তা হলে নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে তা এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে— এমনটাই মনে করছেন অনেকে।
তবে আপাতত সব নজর বড়দিনের মুক্তি পাওয়া ‘প্রজাপতি ২’-এর দিকেই। ছবির সাফল্যের উপরই হয়তো নির্ভর করবে দেবের পরবর্তী পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা। গুঞ্জন সত্যি হোক বা না হোক, এটুকু স্পষ্ট— দেবকে নিয়ে টলিউডে উত্তেজনার পারদ এখন বেশ চড়া।