নেশনস কাপে ভারতীয় ফুটবলের দাপট!!
ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পরই নিয়ে এলেন নতুন দম। প্রথম ম্যাচেই তাঁর নেতৃত্বে ভারত কাফা নেশনস লিগে ২-১ গোলে হারাল শক্তিশালী তাজিকিস্তানকে। ২০০৮ সালের পর এই প্রথম ভারত জিতল তাজিকিস্তানের বিরুদ্ধে। দলের জয়ের নায়ক গোলকিপার ও অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু, যিনি এক গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়ে দিলেন দলকে। গোল করলেন দুই ডিফেন্ডার আনোয়ার আলি ও সন্দেশ জিঙ্ঘন।
খালিদ জামিল শুরু থেকেই প্রমাণ করেছেন যে তিনি তারকাদের নয়, কার্যকরী ফুটবলারদের ওপরেই ভরসা রাখছেন। মোহনবাগানের কোনো খেলোয়াড় না থাকলেও সেটিকে অজুহাত করেননি তিনি। নিজের পরিকল্পনা মেনে ৪-৪-১-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলল ভারত।
পঞ্চম মিনিটেই ভারত এগিয়ে যায়। উবেইসের লম্বা থ্রো থেকে সন্দেশের হেড ফিরিয়ে দিয়েছিল তাজিক রক্ষণ, কিন্তু আনোয়ার আলির হেডে গোল আটকানো যায়নি। মাত্র চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে ভারত। আনোয়ারের কর্নার থেকে রাহুল ভেকে হেড নেন, সেটি রুখলেও রিবাউন্ডে গোল করেন সন্দেশ। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ভারতের ডিফেন্ডাররা।
তাজিকিস্তান অবশ্য চুপ থাকেনি। ফিফা র্যাঙ্কিংয়ে (১০৬) ভারতের (১৩৩) চেয়ে এগিয়ে থাকা দলটি ২৩ মিনিটে সামিয়েভের গোলে ব্যবধান কমায়। বিরতিতে ভারত এগিয়ে ছিল ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় তাজিকিস্তান। গুরপ্রীতকে বারবার পরীক্ষায় ফেলতে হয়। ভারতের কোচ খালিদ তিনটি পরিবর্তন এনে মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করেন। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় তাজিকিস্তান। কিন্তু গুরপ্রীতের অসাধারণ সেভ ভারতকে বাঁচায়। বেঞ্চে উল্লাস শুরু হলেও খালিদ ঠান্ডা মাথায় খেলোয়াড়দের নির্দেশ দিতে থাকেন।
শেষ দিকে মরিয়া আক্রমণ চালিয়েও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি প্রতিপক্ষ। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবল দল দেখাল দৃঢ়তা ও আত্মবিশ্বাস।
খালিদ জামিলের কোচিংয়ে এই জয়ে নতুন আশার আলো দেখছেন সমর্থকরা। শুরুতেই এমন সাফল্য ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় লিখতে পারে।
চিনের সঙ্গে সম্পর্কের উন্নয়নে দৃঢ় সংকল্প ভারত, এসসিও শীর্ষবৈঠকে নতুন কূটনৈতিক দিশা খুঁজছেন মোদী