দিদি নম্বর ওয়ান !
‘দিদি নম্বর ওয়ান’ নামটা শুনলেই বাঙালি দর্শকের মনে প্রথমেই ভেসে ওঠে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখ। দীর্ঘদিন ধরে এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তাঁর সঞ্চালনার ধরন, প্রতিযোগীদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করার ক্ষমতা এবং আবেগঘন মুহূর্ত সামলানোর দক্ষতা এই অনুষ্ঠানকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তবে ১৭ বছরের এই যাত্রাপথে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকার আসনে একাধিক বার পরিবর্তন এসেছে।
সম্প্রতি জানা গিয়েছে, রচনার জায়গায় এ বার থেকে ‘দিদি নম্বর ওয়ান’-এর দায়িত্ব সামলাবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রচনা যখন সঞ্চালনার পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন, তখন থেকেই প্রশ্ন উঠেছিল—তিনি কি আর এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর সাংসদের দায়িত্ব এবং টেলিভিশনের কাজ দু’দিকই সামলেছিলেন রচনা। কিন্তু শেষ পর্যন্ত বদল এল অনুষ্ঠানের সঞ্চালনায়।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বদলেছে ‘দিদি নম্বর ওয়ান’-এর মুখ।
২০০৯ সালে পথচলা শুরু করে এই রিয়্যালিটি শো। প্রথম দিকে অনুষ্ঠানটি স্টুডিয়োয় নয়, বরং বিভিন্ন পাড়ায় গিয়ে আয়োজন করা হত। সেই সময় সঞ্চালিকার দায়িত্বে ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। তবে মাত্র একটি সিজ়ন সঞ্চালনা করার পর তিনি অনুষ্ঠান ছেড়ে দেন। শোনা যায়, তাঁর মায়ের অসুস্থতার কারণেই সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল। পরে অবশ্য প্রতিযোগী হিসাবেও ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে ফিরেছিলেন পুষ্পিতা।
এর পর ২০১০ সালে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে টেলিভিশনে সঞ্চালকের ভূমিকায় আসা নিয়ে তাঁর কিছুটা দ্বিধা ছিল। কারণ তখনও তিনি বড় পর্দার নায়িকা হিসাবেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু নির্মাতাদের আস্থা এবং দর্শকের ভালোবাসায় খুব দ্রুত এই শো-এর সঙ্গে একাত্ম হয়ে যান রচনা।
তবে রচনার এই যাত্রাও একেবারে টানা ছিল না। তাঁর দায়িত্ব নেওয়ার কিছু বছর পর তৃতীয় সিজ়নে সঞ্চালিকার ভূমিকায় দেখা যায় জুন মালিয়াকে। সৃজনশীল পরিবর্তনের কারণেই নাকি সেই সময় রচনার বদলে জুনকে আনা হয়েছিল। তবে এক বছরের মধ্যেই আবার রচনাকে ফিরিয়ে আনা হয়।
এর পর পঞ্চম সিজ়নে ফের বদল আসে। ২০১৩ সালে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকার দায়িত্ব নেন দেবশ্রী রায়। সেই সময় রচনার সরে দাঁড়ানোর কারণ নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের কথাও উঠে এসেছিল। যদিও রচনা, প্রযোজনা সংস্থা বা চ্যানেলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। দেবশ্রীর এক সিজ়নের পর ষষ্ঠ সিজ়নে ফের ফিরে আসেন রচনা।
এর পর দীর্ঘ সময় আর বদল হয়নি। রচনা একটানা বহু সিজ়ন ধরে এই অনুষ্ঠানের মুখ হয়ে ওঠেন। মাঝে বিশেষ কিছু পর্বে বা প্রয়োজন অনুযায়ী অন্য সঞ্চালকদেরও দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মীর।
এ বার আবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে ‘দিদি নম্বর ওয়ান’-এ। স্বস্তিকা মুখোপাধ্যায়ের হাতে দায়িত্ব যাওয়ার পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—নতুন সঞ্চালনার ধরন কেমন হবে এবং জনপ্রিয় এই শো নতুন মোড়কে কতটা গ্রহণযোগ্যতা পাবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?