ঢাকার আন্তর্জাতিক সেমিনারে বিতর্ক!!
বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে প্রদর্শিত মানচিত্রকে ঘিরে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আলোচনাসভার মঞ্চে প্রদর্শিত মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে প্রকাশ্যেই আপত্তি জানান বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা।
শুক্রবার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ়’ (বিআইআইএসএস)-এর উদ্যোগে ঢাকায় ‘আস্থা পুনর্গঠন, আঞ্চলিক ঐক্যের পুনর্নবীকরণ: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক এবং নীতিনির্ধারকেরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনাসভা চলাকালীন মঞ্চের পিছনে থাকা উপমহাদেশের মানচিত্রে নজর যায় পূজা কুমারী ঝার। তিনি দেখতে পান, সেখানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের পরিবর্তে পাকিস্তানের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি বক্তব্য রাখতে থাকা বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক ও ভারতে প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিমকে থামিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান।
ভারতীয় কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেন, প্রদর্শিত মানচিত্রে গুরুতর ভুল রয়েছে এবং জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই এই ধরনের উপস্থাপনা গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্যে সভাকক্ষে উপস্থিতদের দৃষ্টি সেই মানচিত্রের দিকে যায়।
জবাবে আহমেদ তারিক করিম জানান, প্রদর্শিত মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি কোনও দেশের সরকারি বা স্বীকৃত সীমান্ত নির্দেশ করার উদ্দেশ্যে তৈরি হয়নি। তবে ভারতীয় প্রতিনিধি পুনরায় জানান, মানচিত্রে ভারতের ভূখণ্ডের ভুল উপস্থাপনা আন্তর্জাতিক মঞ্চে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার অনুরোধ জানান তিনি।
পরে করিম ভারতীয় প্রতিনিধির পরিচয় জানতে চান। পরিচয় জানার পর তিনি জানান, বিষয়টি রেকর্ডে রাখা হবে। এর মাধ্যমে আলোচনাটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়, যদিও ঘটনাটি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিআইআইএসএস বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি গবেষণা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, কৌশলগত নীতি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারের আয়োজন করে তারা।
এই ঘটনার পর সংশ্লিষ্ট মহলে আন্তর্জাতিক সম্মেলনে ব্যবহৃত মানচিত্রের যথার্থতা ও সংবেদনশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কূটনৈতিক অনুষ্ঠানে প্রদর্শিত মানচিত্রে ভুল থাকলে তা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?