ট্রাম্পের মন্তব্যে নতুন জল্পনা!
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মোজতবা খামেনেই “৯০ শতাংশ শেষ” হয়ে গিয়েছেন। যদিও এই মন্তব্যের পক্ষে ট্রাম্প কোনও প্রমাণ বা সরকারি তথ্য প্রকাশ করেননি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সামরিক শক্তিকে তীব্র আক্রমণ করেন। তাঁর বক্তব্য, আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ অভিযানের পর ইরানের নৌবাহিনী, বায়ুসেনা এবং শীর্ষ নেতৃত্ব কার্যত ভেঙে পড়েছে। সেই প্রসঙ্গেই তিনি মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে আর জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তাঁর বাবা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন না। এরপর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা ছড়ায়। যদিও তেহরানের পক্ষ থেকে একাধিকবার তাঁর নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং ইরানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং দেশটির অধিকাংশ শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি তথ্যগত ভুলও করেন। তিনি রুহোল্লা খোমেইনি এবং আলি খামেনেইকে গুলিয়ে ফেলেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন রুহোল্লা খোমেইনি। তাঁর মৃত্যুর পর আলি খামেনেই সেই দায়িত্ব গ্রহণ করেন। পরে তাঁর মৃত্যুর পর মোজতবা খামেনেই নেতৃত্বের দায়িত্বে আসেন।
ট্রাম্পের মন্তব্য সামনে আসার পর আবারও মোজতবার স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাম্পের দাবি নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা এবং জল্পনা বহাল রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে এমন মন্তব্য কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে তথ্যের অভাব থাকায় ট্রাম্পের দাবি কতটা সত্য, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?