ট্রাম্পের আমন্ত্রণও ফেরালেন মিলেই!
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় যখন গোটা ফুটবল বিশ্ব মেতে, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। ফিফার আমন্ত্রণ পেয়েও তিনি আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে গিয়ে ফাইনাল দেখবেন না। বরং নিজের বাসভবনেই টেলিভিশনের সামনে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করবেন বলে জানিয়েছেন।
মিলেইয়ের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত বিশ্বাস এবং একটি ‘লাকি’ রুটিন। তাঁর দাবি, চলতি বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রতিটি ম্যাচ তিনি বাড়িতে বসেই দেখেছেন এবং প্রতিবারই আর্জেন্টিনা জয় পেয়েছে। তাই ফাইনালের আগে সেই অভ্যাস বদলাতে নারাজ তিনি।
একটি রেডিয়ো সাক্ষাৎকারে মিলেই বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সময় তিনি একটি নির্দিষ্ট জ্যাকেট পরে থাকেন। তাঁর বিশ্বাস, সেটিই দলের জন্য সৌভাগ্য বয়ে আনছে। তিনি একটি ঘটনার কথাও তুলে ধরেন। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গরম লাগায় কিছু সময়ের জন্য জ্যাকেট খুলে ফেলেছিলেন। ঠিক সেই সময়ই প্রতিপক্ষ গোল করে। এরপর আবার জ্যাকেটটি পরে নিতেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা। সেই ঘটনার পর থেকে আর কোনও ম্যাচে ওই জ্যাকেট ছাড়া বসেননি তিনি।
মিলেই আরও জানান, বুয়েনস আইরেসে এখন শীতকাল চলছে। তবুও তিনি ঘরে হিটার ব্যবহার করেন না। বরং সেই বিশেষ জ্যাকেট গায়েই ম্যাচ দেখেন। তাঁর বিশ্বাস, বিশ্বকাপ ফাইনালেও একই রুটিন বজায় রাখলে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে।
এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলেইয়ের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই রাষ্ট্রনেতাই একাধিকবার প্রকাশ্যে একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছেন। ফলে অনেকেই মনে করেছিলেন, ট্রাম্পের পাশে বসেই হয়তো তিনি ফাইনাল উপভোগ করবেন। কিন্তু ব্যক্তিগত বিশ্বাস এবং দীর্ঘদিনের অভ্যাসের কাছে সেই সম্ভাবনাকে গুরুত্ব দেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
ফুটবল দুনিয়ায় কুসংস্কার বা সৌভাগ্যের বিশ্বাস নতুন কিছু নয়। অনেক ফুটবলার নির্দিষ্ট বুট, জার্সি কিংবা ম্যাচ-পূর্ব রুটিন বদলাতে চান না। সমর্থকদের মধ্যেও এমন নানা বিশ্বাস দেখা যায়। মিলেইয়ের এই সিদ্ধান্তও সেই ধারারই আরেকটি উদাহরণ।
এখন দেখার বিষয়, নিজের ‘লাকি’ জ্যাকেট পরে বাড়িতে বসে খেলা দেখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত আর্জেন্টিনার জন্য সত্যিই সৌভাগ্য বয়ে আনে কি না। মেসিদের সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ, আর সেই স্বপ্নপূরণের সাক্ষী থাকতে প্রেসিডেন্টও থাকবেন, তবে স্টেডিয়ামের ভিআইপি বক্সে নয়— নিজের ঘরের টেলিভিশনের সামনে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?