জাতীয় দল না ‘দ্য হান্ড্রেড’?
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এ সানরাইজার্স লিডসের হয়ে খেলার কথা পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদের। কিন্তু সূচির সংঘর্ষে এখন বড় সমস্যার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শুরু হচ্ছে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ় সফরের টেস্ট সিরিজ। ফলে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন, নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন— সেই কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আবরার।
সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস এবারের ‘দ্য হান্ড্রেড’ নিলামে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকায় আবরারকে দলে নিয়েছিল। তবে এই চুক্তি বাস্তবায়নের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সূচি।
২১ জুলাই শুরু হবে ‘দ্য হান্ড্রেড’। অন্য দিকে, ২৫ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। জাতীয় দলের পরিকল্পনায় আবরারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় তাঁকে টেস্ট দলে রাখার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র ঘনিষ্ঠ একটি সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, আবরার এবং তাঁর এজেন্ট দু’জনেই জটিল পরিস্থিতিতে রয়েছেন। যদি তিনি টেস্ট দলে নির্বাচিত হন, তা হলে ‘দ্য হান্ড্রেড’-এ অংশ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। কারণ, ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা শুরুর মাত্র চার দিনের মধ্যেই প্রথম টেস্ট শুরু হয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিদেশি লিগে খেলতে হলে পিসিবির কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রয়োজন। বোর্ডের একাংশের মতে, জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আবরারকে ছাড়পত্র না-ও দেওয়া হতে পারে।
তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আবরারের অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহী। সূত্রের দাবি, ইসিবি পিসিবিকে মনে করিয়ে দিয়েছে যে, পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্তের জন্য কাব্য মারানকে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তা সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাই আবরারের ‘দ্য হান্ড্রেড’-এ অংশগ্রহণকে তারা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে।
বর্তমানে আবরার নিজে কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না। দুই ক্রিকেট বোর্ডের আলোচনার ফলাফলের দিকেই নজর রাখছেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পিসিবি তাঁকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয় কি না, তার উপর।
উল্লেখ্য, ‘দ্য হান্ড্রেড’-এর নিলামের আগে আশঙ্কা ছিল, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলি হয়তো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে যাবে। সেই সম্ভাবনা দূর করতে বৈষম্য ও বিভেদ রুখতে সব ফ্র্যাঞ্চাইজিকে স্পষ্ট বার্তা দিয়েছিল ইসিবি। এরপরই সানরাইজার্স লিডস আবরারকে দলে নেয়। যদিও সেই সিদ্ধান্তকে ঘিরে ভারতে সমাজমাধ্যমে কাব্য মারানকে নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?