শহিদ বিএসএফ জওয়ান মহম্মদ ইমতিয়াজ!
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন সদ্য সংঘর্ষবিরতির ঘোষণার পরে কিছুটা স্বস্তির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই জম্মুর আরএস পুরা সেক্টরে ফের পাক গোলাবর্ষণে রক্তাক্ত হল সীমান্ত। প্রাণ হারালেন বিএসএফ-এর সাহসী সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। তাঁর সঙ্গে আরও সাতজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে।
শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। বিএসএফ-এর পক্ষ থেকে রাতেই এক বিবৃতিতে জানানো হয়, ইমতিয়াজ আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় সামনের সারিতে ছিলেন। আচমকাই পাকিস্তান সেনার দিক থেকে প্রবল গোলাবর্ষণ শুরু হয়। ইমতিয়াজ-সহ আটজন জওয়ান আহত হন এবং তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমতিয়াজ।
বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক বলেন, “সীমান্তে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন ইমতিয়াজ। জাতির প্রতি তাঁর এই আত্মত্যাগ কোনও দিন ভোলার নয়। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই।”
রবিবার, জম্মুর পালোরায় বিএসএফ সদর দফতরে শহিদ ইমতিয়াজের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুষ্পার্ঘ্য অর্পণ ও পূর্ণ সামরিক মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাবে বাহিনী।
এই ঘটনার পরই নতুন করে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী এলাকায়। কারণ, এই হামলার কিছু ঘণ্টা আগেই ভারত ও পাকিস্তান ঘোষণা করেছিল, তারা যৌথভাবে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী নিজে সাংবাদিক সম্মেলনে এই বার্তা দিয়েছিলেন।
তবে ঘোষণা সত্ত্বেও সন্ধ্যা নামতেই শ্রীনগর, উধমপুর, নওসেরা এবং আখনুরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষজন রাতভর আতঙ্কে ছিলেন, কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে বেসমেন্ট বা আত্মীয়ের বাড়িতে চলে যান।
এই আবহে ইমতিয়াজের মৃত্যুর খবর শুধু বিএসএফ নয়, পুরো দেশকে আরও একবার মনে করিয়ে দিল সীমান্তে মোতায়েন থাকা জওয়ানদের জীবনের অনিশ্চয়তা, দায়িত্ব আর আত্মত্যাগের কথা। যাঁরা নিঃশব্দে লড়ে চলেছেন, দিনের পর দিন, পরিবার থেকে দূরে, শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য।
ভারতীয় সেনা ও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের এই বর্বর হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, সূত্র মারফত জানা গিয়েছে, এই হামলার তথ্য তুলে ধরা হবে আন্তর্জাতিক মহলের কাছেও।
ভারত-পাকিস্তান সংঘাতে মিথ্যাচারের তৎপরতা: ভুয়ো খবরকে হাতিয়ার করছে পাকিস্তান