মাত্র ৪২ বছরেই নিভে গেল শেফালির জীবনদীপ!
মায়ানগরীর বাতাসে যেন হঠাৎই নেমে এসেছে বিষাদের সুর। ‘কাঁটা লাগা’ খ্যাত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বলিউড ও তাঁর অনুরাগীরা। মাত্র ৪২ বছর বয়সে হারিয়ে গেল এক হাসিখুশি মুখ, যাঁর জীবন ছিল আলো-আঁধারির এক জটিল কোলাজ। তবে এই আকস্মিক মৃত্যুর পেছনে কী শুধুই হৃদ্রোগ? নাকি তাঁর জন্মছকেই লেখা ছিল জীবনের এই অকাল অবসান?
২০২৪ সালের অগস্ট মাসে জ্যোতিষী পরেশ ছাবরার একটি পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন শেফালি। সেখানে তাঁর জন্মছক খুঁটিয়ে বিশ্লেষণ করেন পরেশ। আলোচনার সময়ই এক ভয়ংকর আশঙ্কার ইঙ্গিত দেন তিনি—শেফালির অষ্টম ঘরে চন্দ্র ও কেতুর অবস্থান, সঙ্গে বুধের অবস্থান তাঁর মতে, “আকস্মিক মৃত্যু বা ক্ষতির সম্ভাবনা” সৃষ্টি করতে পারে। সেই ভিডিওটি অভিনেত্রীর মৃত্যুর পর ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেন ভবিষ্যতের প্রতিধ্বনি ছিল সেই কথাগুলিতে।
তবে শেফালি নিজে জ্যোতিষবিদ্যার প্রতি বিশ্বাসী ছিলেন কি না, তা স্পষ্ট করে কখনও জানাননি। কিন্তু শুক্রবার রাতভর যে সংবাদ ছড়িয়ে পড়ে—তাঁর মৃত্যু হয়েছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে—তা সকলকে অবাক করে দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শেফালির জীবনচিত্রটি ছিল ব্যতিক্রমী। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় সংক্ষিপ্ত চরিত্রে বলিউডে পা রাখেন। এরপর ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তবে ব্যক্তিগত জীবন ছিল অনেকটা অশান্তির প্রতিচ্ছবি। প্রথম বিবাহ ভেঙে যাওয়ার পেছনে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। ২০০৯ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।
পরবর্তীতে ছোটপর্দায় ফিরেছিলেন ‘নাচ বালিয়ে ৫’-এর মাধ্যমে, যেখানে বর্তমান স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশ নেন। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয় এবং ধীরে ধীরে এক স্থিত জীবনের দিকে এগিয়ে যান শেফালি। স্বাস্থ্যচর্চা, অভিনয় এবং রিয়েলিটি শো—সব মিলিয়ে নতুন উদ্যমে জীবন গড়ছিলেন তিনি। এমনকী ‘বিগ বস ১৩’-তে অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন।
কিন্তু কে জানত, এই স্বাভাবিক জীবনচিত্রের অন্তরালে যেন চুপিসারে অপেক্ষা করছিল নিয়তির নিষ্ঠুর পরিহাস। নিয়মিত যোগাভ্যাস, স্বাস্থ্য নিয়ে সচেতনতা সত্ত্বেও জীবনের এমন নির্মম পরিসমাপ্তি, অনেকের মনেই প্রশ্ন তুলছে—কোন দিকটা আমরা দেখতে পাইনি? মৃত্যু কি নিছকই শরীরের ব্যর্থতা, না কি গ্রহের কঠিন ছায়াও এখানে ছায়াপাত করেছে?
এই অকালপ্রয়াত অভিনেত্রীর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে বলিউড বলছে—তিনি শুধু ‘কাঁটা লাগা’ গার্ল নন, ছিলেন এক সংগ্রামী, সাহসিনী নারী, যিনি বারবার উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষবার আর পারলেন না।
উইম্বলডনে হ্যাটট্রিকের লক্ষ্যে আলকারাজ়, জোকোভিচের প্রতিপক্ষ মুলার, তাপপ্রবাহে চিন্তায় আয়োজকরা