ছুটিতেও কাজের চিন্তা? সাবধান!
আজকের কর্মজীবনে অনেকেই কাজকে এতটাই গুরুত্ব দেন যে নিজের জন্য সময় বের করা যেন একপ্রকার বিলাসিতা। কাজপাগল মানুষদের জন্য ছুটি কখনও কখনও আশীর্বাদ নয়, বরং বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। অফিস থেকে ছুটি নিলেও মনের মধ্যে কাজের চিন্তা ঘুরপাক খায়। বিশ্রাম নেওয়ার সময়েও শরীর ও মন ঠিকভাবে স্বস্তি পায় না। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘লিজ়ার সিকনেস’।
কী এই লিজ়ার সিকনেস?
যাঁরা কাজের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল এবং সবসময় অফিসের কাজে নিমগ্ন থাকেন, তাঁদের মস্তিষ্ক ছুটির দিনেও কাজের ছন্দে চলতে থাকে। দীর্ঘদিন একটানা কাজের পর যখন ছুটি নেওয়া হয়, তখন হঠাৎ ছন্দপতনে শরীর ও মনের অস্বস্তি দেখা দেয়। এর ফলে মাথাব্যথা, শরীরব্যথা, অতিরিক্ত ক্লান্তি, উদ্বেগ, এমনকি ঘুমের সমস্যাও হতে পারে। ছুটি হয়ে ওঠে মানসিক চাপের আরেকটি কারণ, যার ফলে পরিবার ও নিজের জন্য সময় দেওয়ার সুযোগ নষ্ট হয়।
কেন হয় এই সমস্যা?
- কাজ থেকে দূরে থাকার অস্বস্তি এবং দায়িত্ববোধের চাপ।
- ছুটিতেও অফিসের মেসেজ বা মেইল চেক করার অভ্যাস।
- দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক ক্লান্তি।
- ব্যক্তিগত সময়কে গুরুত্ব না দিয়ে সবসময় কাজকে প্রাধান্য দেওয়ার প্রবণতা।
সমাধানের উপায়
১) ডিজিটাল ডিটক্স: ছুটির দিনে মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের মেসেজ বা মেইল চেক না করলে মন অনেকটা হালকা লাগবে।
২) নিজস্ব সময় তৈরি করুন: গান শোনা, বই পড়া, যোগব্যায়াম বা পরিবারের সঙ্গে সময় কাটানো আপনাকে কাজের চাপ থেকে দূরে রাখবে।
৩) পরিকল্পনা করুন: ছুটির দিনে কী করবেন তার একটি তালিকা আগে থেকে তৈরি রাখুন। এতে সময়ের সঠিক ব্যবহার হবে, আর অফিসের চিন্তা করার সুযোগ কমবে।
৪) ধ্যান ও শরীরচর্চা: নিয়মিত ধ্যান বা ব্যায়াম মনের অস্থিরতা কমায় এবং মনোযোগ বাড়ায়। নিজেকে বোঝান যে ছুটি মানে ব্যক্তিগত পরিসর, সেখানে কাজের জায়গা নেই।
৫) বিশেষজ্ঞের সাহায্য নিন: যদি ছুটিতেও কাজের চাপ সম্পর্ক বা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে, তাহলে মনোবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ছুটি মানে শুধু শারীরিক বিশ্রাম নয়, মানসিক স্বস্তিও। কাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও নিজের জন্য সময় বের করাও সমান জরুরি। নিয়মিত বিশ্রাম নিলে কাজের দক্ষতা ও জীবনের মান দুই-ই বাড়ে। তাই ছুটি কাটান নিজের মতো, অফিসের চিন্তা থেকে দূরে সরে।
চিনের সঙ্গে সম্পর্কের উন্নয়নে দৃঢ় সংকল্প ভারত, এসসিও শীর্ষবৈঠকে নতুন কূটনৈতিক দিশা খুঁজছেন মোদী