নিউ জ়িল্যান্ড সিরিজে ফেরার সবুজ সংকেত পেলেন শ্রেয়স আয়ার!
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। চোটের ধকল সামলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন Shreyas Iyer। ফিটনেস পরীক্ষার শেষ ধাপ হিসেবে বিজয় হজারে ট্রফিতে একটি ম্যাচ খেলেই জাতীয় দলে ফেরার ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। সব কিছু ঠিক থাকলে, আগামী ১১ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই দেখা যেতে পারে তাঁকে ভারতীয় জার্সিতে।
চোট থেকে ফেরা যে সহজ নয়, তা শ্রেয়স নিজের পরিশ্রম দিয়েই প্রমাণ করেছেন। বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছিল—আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তাঁকে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিতে হবে। সেই কারণেই মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফিতে মাঠে নামেন তিনি। আর সেই ম্যাচেই যেন সব সংশয় উড়িয়ে দিলেন শ্রেয়স। হিমাচল প্রদেশের বিরুদ্ধে চার নম্বরে নেমে ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ব্যাটিংয়ের সময় কোথাও অস্বস্তি বা জড়তা চোখে পড়েনি। উল্টে তাঁর টাইমিং, ফুটওয়ার্ক আর আত্মবিশ্বাস দেখে নির্বাচকদের মন ভরেছে বলেই জানা যাচ্ছে।
দলের পরিকল্পনাও ছিল পরিষ্কার। প্রথম ম্যাচে যদি শ্রেয়স ফিটনেসের দিক থেকে সবুজ সংকেত দেন, তা হলে আর অপেক্ষা নয়। না হলে আরও একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু একটি ম্যাচেই বোঝা গিয়েছে—৫০ ওভারের ক্রিকেটের চাপ নেওয়ার জন্য এখন পুরোপুরি প্রস্তুত তিনি। সেই কারণেই দ্রুত ছাড়পত্র মিলেছে। বৃহস্পতিবারই জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা শ্রেয়সের।
গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। বুকে আঘাত লাগে, পরে জানা যায় প্লীহাতে সমস্যা হয়েছে। সেই চোট সারাতে অস্ট্রেলিয়াতেই দীর্ঘ দিন চিকিৎসা চলেছিল। পরে ভারতে ফিরে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। এই সময়টা মানসিক ভাবে সহজ ছিল না, কিন্তু ধৈর্য ধরে পুনর্বাসনের পথে হেঁটেছেন শ্রেয়স।
তাঁর প্রত্যাবর্তনে ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন টিম ম্যানেজমেন্ট। কোচ গৌতম গম্ভীরদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজে রুতুরাজ গায়কোয়াড় ভালো পারফরম্যান্স করেছেন, তবু অভিজ্ঞ শ্রেয়সের উপস্থিতি দলের ভারসাম্য আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
এখন দেখার, রবিবার সত্যিই কি আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন হয় শ্রেয়স আয়ারের। চোট, অপেক্ষা আর অনিশ্চয়তা পেরিয়ে নতুন করে শুরু করার জন্য তিনি যে পুরোপুরি তৈরি, তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন।
ভিন্রাজ্যের ভোটারদের স্বস্তি: শুনানিতে হাজিরা নয়, অনলাইনেই জমা দেওয়া যাবে নথি