ফরাসি ওপেনে অঘটন, বিশ্বের এক নম্বরকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সেরুন্দোলো!
ফরাসি ওপেনে বড় অঘটন। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করলেন তিনি। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৫-৭, ১-৬, ১-৬ ফলে হার মেনে কোর্ট ছাড়তে হল ইতালির তারকাকে।
ম্যাচের শুরুটা অবশ্য একেবারেই সিনারের মতো ছিল। প্রথম দু’টি সেট অনায়াসে জিতে নিয়েছিলেন তিনি। তৃতীয় সেটেও ৫-১ এগিয়ে ছিলেন। তখন মনে হচ্ছিল স্ট্রেট সেটেই ম্যাচ শেষ করবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। কিন্তু সেখান থেকেই বদলে যায় ছবিটা।
হঠাৎই শারীরিক সমস্যায় পড়তে শুরু করেন সিনার। নিজের সার্ভিসে ম্যাচ জেতার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি। বরং টানা পয়েন্ট হারিয়ে ম্যাচে ফেরার সুযোগ করে দেন সেরুন্দোলোকে। এক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মেডিক্যাল টাইমআউট নিতে বাধ্য হন তিনি।
টাইমআউটের পর কোর্টে ফিরলেও আর আগের মতো নড়াচড়া করতে পারছিলেন না সিনার। বোঝাই যাচ্ছিল, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। দৌড়নো, রিটার্ন করা— সব কিছুতেই ছন্দ হারিয়ে ফেলেন। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান সেরুন্দোলো।
শেষ ২০টি গেমের মধ্যে ১৮টিই জিতে নেন আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়। বিশ্বের ৫৬ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে এমন প্রত্যাবর্তন কার্যত অবিশ্বাস্য। ২৬ বছর পর ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে ওঠার আগেই কোনও শীর্ষ বাছাই খেলোয়াড়কে হারানোর নজির গড়লেন সেরুন্দোলো। শেষ বার এই কীর্তি করেছিলেন ক্যারল কুসেরা।
ম্যাচের পর সেরুন্দোলোও সহানুভূতি প্রকাশ করেছেন সিনারের জন্য। তিনি বলেন, “সত্যি বলতে, ওর জন্য খুব খারাপ লাগছে। প্রথম দু’টি সেটে আমি কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারিনি। সিনারই জয়ের যোগ্য ছিল। ঠিক কী হয়েছে জানি না, তবে আশা করি ও দ্রুত সুস্থ হয়ে ফিরবে।”
সিনারের কাছে এ বার বড় সুযোগ ছিল। এখনও পর্যন্ত তাঁর ট্রফি ক্যাবিনেটে শুধু ফরাসি ওপেনটাই নেই। ওপেন যুগে সপ্তম খেলোয়াড় হিসেবে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণ করার সুযোগ ছিল তাঁর সামনে। তার উপর কার্লোস আলকারাজ়ও এ বছর চোটের জন্য প্রতিযোগিতায় খেলছেন না। ফলে পথ অনেকটাই খোলা ছিল।
কিন্তু শেষ পর্যন্ত চোটই থামিয়ে দিল তাঁর স্বপ্নের দৌড়। টানা ৩০টি ম্যাচ জিতে প্যারিসে নামা সিনারকে এ বার অন্তত আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
এই অঘটনের সবচেয়ে বড় সুবিধা হয়তো পেলেন নোভাক জোকোভিচ। সিনার এবং আলকারাজ় দু’জনেই ছিটকে যাওয়ায় ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাস্তা এখন অনেকটাই সহজ হয়ে গেল সার্বিয়ান কিংবদন্তির সামনে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?