ফরাসি ওপেনে সাবালেঙ্কাকে ঘিরে নতুন বিতর্ক!
ফরাসি ওপেনে এ বার শুধুই টেনিস নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। কিছু দিন আগেই তিনি গ্র্যান্ড স্ল্যামের পুরস্কারমূল্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে কম র্যাঙ্কিংয়ের খেলোয়াড়দের আর্থিক সমস্যার কথা সামনে এনে পুরস্কারের অর্থ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই মন্তব্যের পরেই তাঁকে বহু মূল্যের গয়না পরে কোর্টে নামতে দেখা যাওয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে।
ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে স্পেনের জেসিকা বুজাস মানেইরোকে স্ট্রেট সেটে হারান সাবালেঙ্কা। তবে ম্যাচের ফলের থেকেও বেশি নজর কাড়ে তাঁর গলায় থাকা বিলাসবহুল হার এবং কানের দুল। জানা গিয়েছে, নিউ ইয়র্কের একটি বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থার তৈরি সেই অলঙ্কারের মূল্য প্রায় ৯৭ লক্ষ টাকা। শুধু তাই নয়, বিদেশি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সাবালেঙ্কাকে মোট তিনটি হার এবং এক জোড়া কানের দুল দেওয়া হয়েছিল, যার সম্মিলিত মূল্য প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, একটি বিশেষ হার তৈরি হয়েছিল ২০০ ক্যারাটের গোমেদ এবং ২৩ ক্যারাট হিরে দিয়ে। যদিও সেই হারটি ম্যাচে পরেননি সাবালেঙ্কা। শোনা যাচ্ছে, পোশাকের সঙ্গে মানানসই না হওয়ায় সেটি ব্যবহার করতে চাননি তিনি।
এর পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেরই প্রশ্ন, যিনি কিছু দিন আগেই টেনিস খেলোয়াড়দের আর্থিক সমস্যার কথা বলছিলেন, তিনিই আবার এত দামি গয়না পরে কোর্টে নামলেন কী ভাবে? বিশেষ করে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরে যাওয়া মহিলা খেলোয়াড়েরা যে পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পান, তার থেকেও বেশি দামি ছিল সাবালেঙ্কার গলায় থাকা গয়না।
তবে এই সমালোচনায় খুব একটা গুরুত্ব দিতে নারাজ সাবালেঙ্কা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর বক্তব্যকে ভুল ভাবে দেখা হচ্ছে। সাবালেঙ্কার কথায়, তিনি নিজের জন্য পুরস্কারমূল্য বাড়ানোর দাবি তোলেননি। বরং যাঁরা র্যাঙ্কিংয়ের অনেক নীচে রয়েছেন এবং নিয়মিত টুর্নামেন্ট খেলেও আর্থিক সমস্যার মুখে পড়েন, তাঁদের কথা ভেবেই তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন।
সাবালেঙ্কা বলেন, “দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়কে একসঙ্গে মেলানো হচ্ছে দেখে আমি অবাক। আমি নিজের জন্য কিছু চাইনি। আমি সেই খেলোয়াড়দের জন্য কথা বলেছি, যাঁদের টেনিস কেরিয়ার চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।”
ফরাসি ওপেনে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি এখন এই বিতর্কও সমান ভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা