গম্ভীরের টিমে বড় ধাক্কা!
ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এল। চুক্তির মেয়াদ শেষ হতে এখনও তিন দিন বাকি থাকতেই সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রায়ান টেন দুশখাতে। জানা গিয়েছে, ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন। সেই কারণেই জ়িম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে যাননি তিনি।
খবর অনুযায়ী, টেন দুশখাতে খুব শিগগিরই আবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ যোগ দিতে চলেছেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর ২০২৪ সালে কেকেআরের কোচিং স্টাফ থেকে টেন দুশখাতে এবং অভিষেক নায়ারকে জাতীয় দলে নিয়ে এসেছিলেন। এর আগে অভিষেক নায়ারও ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে কেকেআরে ফিরে গিয়েছেন। এবার সেই পথেই হাঁটছেন টেন দুশখাতে।
ফলে কেকেআরের কোচিং দলে আবার একসঙ্গে কাজ করবেন অভিষেক নায়ার এবং টেন দুশখাতে। ভারতীয় দলেও তাঁরা দীর্ঘ সময় পাশাপাশি দায়িত্ব পালন করেছেন। তারও আগে আইপিএলে কেকেআরের সহকারী কোচ হিসেবে তাঁদের সফল জুটি নজর কেড়েছিল।
কেকেআরের সঙ্গে টেন দুশখাতের সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার হিসেবে তিনি ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন। পরে ২০২২ সালে ফিল্ডিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন। ২০২৪ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলানোর পর ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন।
ভারতীয় দলের সঙ্গে তাঁর সময়টা সাফল্য-ব্যর্থতার মিশেল। এই সময়ে ভারত ২০২৫ সালের এশিয়ান কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তবে টেস্ট ক্রিকেটে প্রত্যাশামতো ফল না আসায় কোচিং স্টাফের কাজ নিয়েও প্রশ্ন উঠেছিল। টেন দুশখাতের কাজের ধরন নিয়ে সমালোচনাও হয়েছিল ক্রিকেট মহলে।
শেষ পর্যন্ত তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিয়ে আবার আইপিএলের পরিচিত ঠিকানা কেকেআরে ফেরার পথ বেছে নিলেন তিনি। এই প্রত্যাবর্তন কলকাতা নাইট রাইডার্সের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?