আরজি কর নির্যাতিতার পিতার জবাব, “ফালতু কাজে সময় নেই”
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এবার মানহানির মামলা করেছেন আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে। অভিযোগ, তাঁর নামে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। কুণাল জানান, আইনজীবীর মাধ্যমে কলকাতার মুখ্য বিচারবিভাগীয় আদালত (ব্যাঙ্কশাল কোর্ট)-এ এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে এবং আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার পিতা বা তাঁর আইনজীবীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আদালতের নোটিসের ছবি পোস্ট করে কুণাল লেখেন, “যেহেতু উনি (নির্যাতিতার পিতা) বিবৃতি দিয়েছেন, যেহেতু উনি নানা জায়গায় গিয়েছেন, আশা করি আদালতকেও এড়াবেন না।”
কুণালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নির্যাতিতার পিতা জানান, তিনি এখনও নোটিস পাননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কুণাল যা বলছে, তাই হবে না। আমাদের আইনজীবী যাবেন।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি তাঁদের আইনি পরামর্শ অনুযায়ী ঠিক হবে।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্যাতিতার পিতা অভিযোগ করেছিলেন, “সিবিআই ঘুষ খেয়ে তদন্ত নষ্ট করছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিও-তে গিয়ে সেটল করেছে।” এই মন্তব্যের পর থেকেই কুণাল প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। গত ১১ অগস্ট সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “কন্যাহারা পিতার যন্ত্রণা আমি বুঝি, কিন্তু মিথ্যা অভিযোগ ছড়ানো ঠিক নয়। আমার নাম নিয়ে মিথ্যা বলা হচ্ছে কার প্ররোচনায়, সেটা জানতে চাই।” পরের দিনই কুণাল আরও এক পোস্টে জানান, ক্ষমা না চাইলে আদালতে প্রমাণ দিতেই হবে।
প্রথমে চার দিনের সময়সীমা দিয়ে নোটিস পাঠানো হয়। পরে জবাব না আসায় মামলা করেন কুণাল।
অন্যদিকে, নির্যাতিতার পিতা জানিয়েছেন, তাঁদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে এবং তা আদালতে উপস্থাপন করা হবে। তিনি দাবি করেন, কুণাল ভয় পেয়েছেন বলেই এই মামলা করেছেন। কুণালকে ‘ফালতু লোক’ বলে অভিহিত করে তিনি বলেন, “উনি মামলা করেছেন বলে আমরা ছেড়ে দেব না। আমাদের কাছে সব তথ্যপ্রমাণ আছে।”
সশরীরে আদালতে হাজির থাকার প্রসঙ্গে তাঁর মন্তব্য, “যেখানে যাওয়া দরকার, আমরা যাই। কিন্তু ফালতু কাজে সময় নষ্ট করার মতো সময় নেই।”
এই মামলা ঘিরে নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। কুণালের অভিযোগ এবং নির্যাতিতার পরিবারের জবাব, দুই পক্ষের মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ছবিমুক্তির আগেই কোটির ঘরে নন্দিতা-শিবপ্রসাদ! টলিউডে বাজিমাত এই জুটির