মেসির ১১ বছরের কীর্তি ভাঙলেন ফরাসি তারকা!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একই দিনে নজির গড়লেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। লিয়োনেল মেসির দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। অন্য দিকে, চ্যাম্পিয়ন্স লিগে গোলের নতুন মাইলফলক স্পর্শ করলেন ম্যাঞ্চেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ডও।
রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ২৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপে। এই ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তাঁর শততম উপস্থিতি। মাত্র ২৭ বছর বয়সে এই মাইলফলক ছুঁয়ে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০০টি ম্যাচ খেলার নজির গড়েছেন ফরাসি তারকা।
এত দিন এই রেকর্ড ছিল মেসির দখলে। ২০১৫ সালে ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ঘটনাচক্রে, সেই ম্যাচেও মেসির প্রতিপক্ষ ছিল রোমা। প্রায় ১১ বছর পর সেই নজির ভেঙে দিলেন এমবাপে।
তবে প্রথম ১০০টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোলের হিসাবে এখনও মেসির থেকে পিছিয়ে এমবাপে। এই ১০০ ম্যাচে ফরাসি তারকার গোলসংখ্যা ৭২। মেসি করেছিলেন ৭৭টি গোল। এই তালিকায় শীর্ষে রয়েছেন রবার্ট লেয়নডস্কি, যিনি প্রথম ১০০টি ম্যাচে ৮১টি গোল করেছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ১০০ ম্যাচে করেছিলেন ৬৪টি গোল।
অন্য দিকে, একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক ছুঁয়েছেন হালান্ডও। প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে ২-৪ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। দলের হয়ে দু’টি গোল করলেও হার এড়াতে পারেননি নরওয়ের স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগে ৬০টি ম্যাচ খেলে হালান্ডের গোলসংখ্যা ৬১। উয়েফার পরিসংখ্যান অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে প্রতিযোগিতায় ৬০ গোল করার নজির গড়েছেন তিনি। এই মাইলফলকে পৌঁছতে মেসির চেয়ে এক দিন কম সময় নিয়েছেন হালান্ড। মেসি ২৬ বছর ৮৬ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল করেছিলেন।
ফলে এমবাপে ও হালান্ড— দু’জনেরই ব্যক্তিগত সাফল্যে স্মরণীয় হয়ে থাকল দিনটি। এক দিকে মেসির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন এমবাপে, অন্য দিকে গোলের গতিতে আর্জেন্টিনার তারকাকে পিছনে ফেললেন হালান্ড।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।