এমবাপের পুরনো পেনাল্টির ভিডিওই বদলে দিল ম্যাচের ভাগ্য!!
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিশর। তবে এই জয়ের নেপথ্যে শুধু ফুটবল দক্ষতাই নয়, ছিল সূক্ষ্ম পরিকল্পনা ও প্রযুক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহার। ম্যাচ শেষে সামনে এসেছে সেই চমকপ্রদ কৌশলের কথা।
অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে বড় সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচ। প্রথম গোলরক্ষক প্যাট্রিক বিচকে তুলে অভিজ্ঞ ম্যাট রায়ানকে মাঠে নামানো হয়, যাতে টাইব্রেকারে তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগে। কিন্তু সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত উল্টো ফল দেয়।
টাইব্রেকার শুরুর আগে মিশরের ডাগআউটের সামনে কয়েকজন ফুটবলারকে একটি ট্যাব হাতে নিয়ে আলোচনা করতে দেখা যায়। সম্প্রচারকারী ক্যামেরায় ধরা পড়ে, তারা রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপের নেওয়া একটি পুরনো পেনাল্টির ভিডিও দেখছেন।
ভিডিওটি ছিল রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের একটি ম্যাচের। সেই ম্যাচে লেভান্তের গোলরক্ষক ছিলেন ম্যাট রায়ান। এমবাপে কীভাবে রায়ানকে ভুল পথে পাঠিয়ে সফলভাবে গোল করেছিলেন, সেটিই বিশ্লেষণ করছিলেন মিশরের ফুটবলার ও কোচিং স্টাফ। ভিডিও দেখার পর কয়েক মিনিটের আলোচনা শেষে ঠিক হয় টাইব্রেকারের কৌশল।
পরিকল্পনা যে সফল হয়েছিল, তার প্রমাণ মিলেছে মাঠেই। টাইব্রেকারে মিশরের কোনও ফুটবলারই ভুল করেননি। চারটি শটই নিখুঁতভাবে জালে জড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন সালাহরা। অন্য দিকে, বদলি গোলরক্ষক রায়ান কোনও শটই রুখতে পারেননি।
এই জয়ের ফলে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। আত্মবিশ্বাসে ভরপুর দলটি এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মহম্মদ সালাহ বলেন, “অসাধারণ অনুভূতি হচ্ছে। আমি সব সময় চাই আমার সতীর্থরা এই সাফল্য উপভোগ করুক। এমন মুহূর্তের সঙ্গে আর কিছুর তুলনা হয় না। আজ আমার জীবনের অন্যতম সেরা দিন।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় দেখিয়ে দিল, বড় ম্যাচে শুধু প্রতিভা নয়, প্রতিপক্ষকে নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ এবং সঠিক কৌশলও সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?