আরজি কর মামলায় সিবিআইকে তিন সপ্তাহের সময়!
আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্বিতীয় দফার তদন্ত শেষ করার জন্য সিবিআইকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নতুন তদন্তকারী দলকে তিন সপ্তাহের মধ্যেই ‘ফারদার ইনভেস্টিগেশন’-এর কাজ শেষ করতে হবে।
শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে মামলার শুনানি হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, শুনানির সময় সিবিআই তাদের নতুন তদন্তের অগ্রগতি সম্পর্কে ডিভিশন বেঞ্চকে বিস্তারিত তথ্য দেয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মোট ৫৪টি বিষয় নতুন করে খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল। সিবিআই জানিয়েছে, এর মধ্যে ইতিমধ্যেই ১৬টি বিষয় তদন্ত করে দেখা হয়েছে।
দ্বিতীয় দফার তদন্তে ঘটনার রাতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ফের খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে সিবিআই জানিয়েছে, ঘটনার দিন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের জন্য খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, সে রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিলেন যে চার চিকিৎসক, তাঁদেরও জেরা করেছে তদন্তকারীরা।
বাকি তদন্তের কাজ শেষ করার জন্য সিবিআইয়ের নতুন বিশেষ তদন্তকারী দল চার সপ্তাহ সময় চেয়েছিল বলে আদালত সূত্রে খবর। তবে ডিভিশন বেঞ্চ সেই আবেদন মেনে নেয়নি। পরিবর্তে তদন্ত শেষ করার জন্য তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
আরজি কর কাণ্ডের তদন্ত প্রথমে শুরু করেছিল কলকাতা পুলিশ। তারাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। কেন্দ্রীয় সংস্থা তাদের চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। পরে শিয়ালদহ আদালতে তিনি দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান।
তবে শুরু থেকেই তদন্তের বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যেরা। তাঁদের আবেদনের ভিত্তিতেই কলকাতা হাই কোর্ট নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সেই অনুযায়ী সিবিআই একটি নতুন বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে।
গত শুনানিতে সিটের তদন্ত রিপোর্ট জমা পড়ার পর নতুন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, পুরনো তদন্তের প্রভাব থেকে বেরিয়ে এসে নতুন করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে ঘটনার রাত থেকে শুরু করে ঘটনাস্থল এবং পরবর্তী বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেয় বেঞ্চ।
আদালতের নির্দেশের পর সিবিআইয়ের নতুন দল আরজি কর হাসপাতালেও যায়। এ বার তিন সপ্তাহের সময়সীমার মধ্যে দ্বিতীয় দফার তদন্ত কত দূর এগোয় এবং নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কি না, সে দিকেই নজর থাকবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।