আমিরশাহিতে ২৫ ভারতীয়র মৃত্যুদণ্ড!
সংযুক্ত আরব আমিরশাহিতে সম্প্রতি তিন ভারতীয়ের ফাঁসি কার্যকর হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার জানাল, আরও ২৫ জন ভারতীয় সে দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় রয়েছেন, যদিও তাঁদের শাস্তি এখনও কার্যকর হয়নি।
বিদেশের জেলে ভারতীয়দের করুণ দশা
বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, সংযুক্ত আরব আমিরশাহিতে ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়ায় ছয় জন, কুয়েতে তিন জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে একজন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।
কত ভারতীয় বন্দি রয়েছেন বিদেশের জেলে?
সংসদে বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বিভিন্ন দেশে কতজন ভারতীয় বন্দি রয়েছেন এবং তাঁদের মধ্যে কতজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ১০,১৫২ জন ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশের জেলে বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিচারাধীন অবস্থায় রয়েছেন।
ভারতীয় সরকারের পদক্ষেপ
প্রবাসী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস এবং কূটনৈতিক দফতর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিদেশে বন্দি ভারতীয়দের আইনি সহায়তা প্রদান, উচ্চ আদালতে আবেদন জানানো এবং প্রাণভিক্ষার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদে জানানো হয়।
সম্প্রতি কার্যকর হওয়া মৃত্যুদণ্ড
গত পাঁচ বছরে (২০২০-২০২৪) বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সংসদে তথ্য প্রকাশ করা হয়। ২০২৪ সালে কুয়েত ও সৌদি আরবে তিন জন করে, ২০২৩ সালে কুয়েত ও সৌদি আরবে পাঁচ জন করে, মালয়েশিয়ায় একজন (২০২৩) এবং জিম্বাবোয়েতে একজন (২০২৪) ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন ভারতকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সেখানে কোনও ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগ দেখা দিলেও, কেন্দ্রীয় সরকার তাঁদের সুরক্ষায় সব রকম পদক্ষেপ গ্রহণ করছে বলে আশ্বাস দিয়েছে।
বিচ্ছেদের পর বিশাল অঙ্কের খোরপোশ দিতে হবে যুজবেন্দ্র চহল! আদালতের রায়ে আলোড়ন