দীপিকার জায়গায় ‘কল্কি’ সিকুয়েলে সাই পল্লবী!
বলিউডে এখন একটাই আলোচনা— দীপিকা পাড়ুকোন কি সত্যিই একের পর এক বড় ছবি হাতছাড়া করছেন কাজের শর্তের কারণে? ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার পর এ বার শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত বহুচর্চিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েলেও আর দেখা যাবে না দীপিকাকে। তাঁর জায়গায় নাকি অভিনয় করতে চলেছেন সাই পল্লবী।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত এবং পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধই নাকি এই সিদ্ধান্তের মূল কারণ। এর আগেও সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছিলেন দীপিকা। সেই ছবিতে তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন তৃপ্তি ডিমরী। এ বার সেই তালিকায় যুক্ত হল আর এক উচ্চাভিলাষী প্রজেক্ট।
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বে দীপিকার চরিত্রটি ছিল গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই শুরুতে মনে করা হচ্ছিল, সিকুয়েলে তাঁকে ছাড়া এগোনো কার্যত অসম্ভব। কিন্তু নির্মাতাদের দাবি, কাজের ক্ষেত্রে “দায়বদ্ধতার অভাব” থেকেই নাকি এই সিদ্ধান্ত। সেই চরিত্রেই সাই পল্লবীকে দেখা যেতে পারে— এমনটাই দাবি একাধিক সূত্রের। যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
দর্শকদের একাংশ অবশ্য অন্য রকম ভাবনাও করছেন। তাঁদের অনুমান, সিকুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হবে এবং সম্পূর্ণ নতুন একটি চরিত্রে সাই পল্লবীর এন্ট্রি ঘটবে। এতে গল্পের ধারা বজায় রেখেই নতুন মুখ আনার সুযোগ থাকবে নির্মাতাদের হাতে।
দীপিকা বাদ পড়ার খবর সামনে আসার পর প্রথমে গুঞ্জন ছিল, এই চরিত্রে নাকি আলিয়া ভট্টকে ভাবা হচ্ছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই জায়গায় এগিয়ে রয়েছেন সাই পল্লবীই। দক্ষিণী ছবিতে তাঁর অভিনয় দক্ষতা এবং শক্তিশালী উপস্থিতি এই চরিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন অনেকে।
ঠিক কী কারণে এই প্রজেক্ট থেকে সরে যেতে হল দীপিকাকে? জানা যাচ্ছে, ছবির শুটিংয়ের প্রায় ২০ দিন কাজও করে ফেলেছিলেন তিনি। কাজ শুরুর পরেই নাকি সমস্যা শুরু হয়। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানান এবং একই সঙ্গে দিনে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেন। এই দুই শর্তেই নাকি আপত্তি তোলে নির্মাতারা। শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে জানানো হয়, ছবিতে আর দীপিকার সঙ্গে কাজ করা হচ্ছে না।
সব মিলিয়ে, দীপিকার পেশাদার শর্ত বনাম নির্মাতাদের প্রত্যাশা— এই টানাপোড়েনেই কি একের পর এক বড় ছবি হাতছাড়া হচ্ছে অভিনেত্রীর? নাকি এটি কেবল সময়ের খেলায় বদলে যাওয়া কাস্টিং সিদ্ধান্ত? উত্তর দেবে সময়ই।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা