‘অপারেশন সিঁদুর’: পহেলগাঁও হামলার জবাবে রাতের অন্ধকারে ভারতের প্রত্যাঘাত!
পহেলগাঁওয়ে জঙ্গি হানার পাল্টা জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে একের পর এক নিশানায় হামলা চালাল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। আর সেই অভিযানের চোখে দেখা প্রমাণ— বুধবার প্রকাশ্যে এলো হামলার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে আকাশপথে ছুটে চলেছে ভারতীয় যুদ্ধবিমান, আর লক্ষ্যভেদ করছে মিসাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে উঠছে জমি।
রাত ১টা পেরোনোর কিছু পরেই শুরু হয় এই অভিযান। প্রথম আঘাত কোটলিতে রাত ১টা ৪ মিনিটে। তার তিন মিনিট পরেই গুলপুর। এর মাত্র চার মিনিটের মাথায় বিস্ফোরণে কেঁপে ওঠে মেহমুনা জোয়াও। একে একে টার্গেটে পড়ে মুজফ্ফরাবাদের সওয়াই নালা, বরনালা, সরজল, চক আমরু ও বাগের মতো গুরুত্বপূর্ণ জঙ্গিঘাঁটি। সব মিলিয়ে ৯টি লক্ষ্যবস্তুতে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালায় ভারতীয় বাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই ৯টি জায়গার মধ্যে ৪টি ছিল পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং ৫টি পাক অধিকৃত কাশ্মীরে। অন্যতম প্রধান নিশানা ছিল বহাওয়ালপুর, যেখানে ১৫ একর জমির উপর গড়ে ওঠা জৈশ-ই-মহম্মদ (জেইএম)-এর প্রধান প্রশিক্ষণ শিবির ও প্রচার কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এই জঙ্গি গোষ্ঠীই ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্য দায়ী। অন্যদিকে, মুরিদকে শহরে লশকর-এ-ত্যায়বার ঘাঁটিও ধ্বংস হয় ভারতীয় ক্ষেপণাস্ত্রে। আরেকটি হামলা হয় সিয়ালকোটের জঙ্গিঘাঁটিতে।
বুধবার দুপুরে সেনা যে ভিডিওগুলি প্রকাশ করেছে, সেগুলি থেকে স্পষ্ট বোঝা যায়, হামলার আগে কতটা নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল। যুদ্ধবিমানগুলির নির্ভুল লক্ষ্যভেদ, সময়জ্ঞান এবং বিস্ফোরণের তীব্রতা ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে।
ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্যই ছিল এই হামলার ভিত্তি। বহুদিন ধরেই গোয়েন্দারা নজর রেখেছিল এই জঙ্গি ঘাঁটিগুলির উপর। প্রযুক্তির সাহায্যে এবং মাঠপর্যায়ের বহু সূত্র কাজে লাগিয়ে তারা এই ৯টি কেন্দ্র চিহ্নিত করে। সেই তথ্য সেনার হাতে তুলে দেওয়া হয়। তার পরই চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে ‘অপারেশন সিঁদুর’-এর প্রস্তুতি নেয় সেনা। নির্ধারিত সময়ে সব দিক বিচার করে রাতেই পাল্টা আঘাত হানে ভারত।
অভিযানের ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জঙ্গিঘাঁটিগুলি— যা এত দিন ছিল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁতুড়ঘর।
ভারতীয় সেনার এই কড়া জবাব স্পষ্ট বার্তা দেয়: সন্ত্রাসের মাটি যতই সীমান্তের ওপারে থাকুক না কেন, ভারতের জবাব আসবে নির্ভুল এবং নির্ভয়ভাবে।
অপারেশন সিঁদুর: ভারতীয় প্রতিআক্রমণে মাসুদ আজ়হারের বোন-সহ পরিবারের ১০ জন নিহত