শনিবার যুবভারতীতে ব্রাজিলের ‘ঘরের মাঠ’, গুরপ্রীতের ৯০তম ম্যাচ নিয়ে মুখ খুললেন মার্কুইনহোস

শনিবার যুবভারতীতে ব্রাজিলের ‘ঘরের মাঠ’! ভারতে প্রথম বার এসেছেন। কিন্তু এ দেশের ব্রাজিল-প্রেম তাঁর অজানা নয়। ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি সমর্থক যে ভারতেই রয়েছেন, তা জানেন ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস। শনিবার…

October 2, 2026
1 min read

শনিবার যুবভারতীতে ব্রাজিলের ‘ঘরের মাঠ’!

ভারতে প্রথম বার এসেছেন। কিন্তু এ দেশের ব্রাজিল-প্রেম তাঁর অজানা নয়। ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি সমর্থক যে ভারতেই রয়েছেন, তা জানেন ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই সমর্থকদের সামনেই খেলতে নামার অপেক্ষায় তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে মার্কুইনহোস বলেন, ভারতের মতো দেশে খেলতে পারা তাঁদের কাছে দারুণ সুযোগ। লক্ষ্য একটাই—জয়। তাঁর কথায়, “ভারতের মতো দেশে খেলতে পারা খুব ভাল সুযোগ। জয় ছাড়া কিছুই ভাবছি না। তরুণ ফুটবলারেরা এখানে এসে যে অভ্যর্থনা পেয়েছে, তা ভোলার মতো নয়। গোটা দল আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত।”

ভারতে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন তিনি। মার্কুইনহোস বলেন, দেশের বাইরে এত সমর্থকের সামনে খেলাটা তাঁদের কাছে সম্মানের। ভারতীয় সমর্থকদের আবেগ দলকে আরও অনুপ্রাণিত করছে বলেও জানান তিনি।

ভারতীয় দল সম্পর্কেও যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে ব্রাজিল। মার্কুইনহোস জানান, চলতি বছরে ভারতের খেলা একাধিক ম্যাচ বিশ্লেষণ করেছেন তাঁরা। প্রতিটি ম্যাচের ফলের পাশাপাশি ভারতীয় দলের পারফরম্যান্সের গুরুত্বও খতিয়ে দেখা হয়েছে।

সেই প্রসঙ্গেই উঠে আসে ভারতের অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিংহ সঁধুর নাম। শনিবার ব্রাজিলের বিরুদ্ধে নামলে গুরপ্রীতের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ৯০ হবে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মার্কুইনহোস বলেন, “এটা গুরপ্রীতের ৯০তম ম্যাচ হতে চলেছে। খুব ভাল ব্যাপার। মনে হয় না ভারতকে কোনও পরামর্শ দেওয়ার দরকার আছে। ওরা অত্যন্ত পেশাদার।”

প্যারিস সঁ জরমেঁর হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতা মার্কুইনহোস জানেন, ভারতের বিরুদ্ধে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়। দুই দেশের সমর্থকদের কাছেও এটি বিশেষ মুহূর্ত।

ব্রাজিলের সাম্প্রতিক বিশ্বকাপ ব্যর্থতা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শেষ বিশ্বকাপেও নরওয়ের কাছে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না ব্রাজিল অধিনায়ক।

মার্কুইনহোস বলেন, “বিশ্বকাপের পর আমরা বর্তমান এবং ভবিষ্যতের দিকে নজর দিচ্ছি। এ ধরনের ম্যাচ থেকেই প্রস্তুতি নিচ্ছি। আগে কী হয়েছে, তা ভাবার দরকার নেই। এখন আমরা অনেক বেশি সংগঠিত।”

শনিবার যুবভারতীতে তাই অতীতের হিসাব নয়, বর্তমান দল নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চান ব্রাজিল অধিনায়ক।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *