ঝাল মুরগির খাবার দেখেও খেতে পারলেন না অ্যানি!
তৃতীয় বার মা হতে চলেছেন অ্যানি হ্যাথাওয়ে। গর্ভাবস্থার মধ্যেও নতুন ছবি ‘ভেরিটি’-র প্রচারে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু প্রচারে গিয়ে সামনে পছন্দের খাবার পেয়েও শেষ পর্যন্ত তা খেতে পারলেন না অ্যানি। চিকিৎসকের পরামর্শ মেনেই নিজের ইচ্ছেকে সামলাতে হয়েছে তাঁকে।
ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে অ্যানি জানান, ‘ভেরিটি’-র শুটিংয়ের সময় একটি দৃশ্যে মুরগির বিশেষ ঝাল পদ খেতে হয়েছিল তাঁকে। চরিত্রের প্রয়োজনেই সেই খাবার খেয়েছিলেন অভিনেত্রী। তবে শুটিংয়ের পর বাস্তব খাবারের বদলে নকল খাবার ব্যবহার করা হয়।
তখনই অ্যানির মাথায় এসেছিল, ছবির প্রচারের সময় এক বার সত্যিকারের সেই খাবার খাওয়া যাক। প্রচারের অনুষ্ঠানে সেই সুযোগও এসেছিল। কিন্তু তত দিনে পরিস্থিতি বদলে গিয়েছে। অন্তঃসত্ত্বা অ্যানিকে চিকিৎসক ওই খাবার না খাওয়ার পরামর্শ দেন।
অ্যানির কথায়, চিকিৎসক তাঁকে সতর্ক করেছিলেন যে অতিরিক্ত ঝাল খাবার খেলে প্রসবের সময় এগিয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। সেই ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। ফলে চোখের সামনে পছন্দের খাবার থাকলেও আপাতত তা থেকে দূরেই থাকতে হয়েছে তাঁকে।
তবে এই ঝাল খাবারের ভাবনাটি ছবির প্রচারের সঙ্গে বেশ মজার ভাবেই জড়িয়ে রয়েছে। অ্যানিই নাকি ছবির প্রচারের কৌশল হিসেবে ছবির সঙ্গে ওই খাবারকে যুক্ত করার কথা ভেবেছিলেন। শুটিংয়ের স্মৃতির সঙ্গে খাবারটির যোগ থাকায় প্রচারে সেটিকে ব্যবহার করার পরিকল্পনা হয়েছিল।
কলিন হুভারের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ভেরিটি’। ছবিতে অ্যানির সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন এবং জশ হার্টনেট। ডাকোটাকে দেখা যাবে লেখিকা লোওয়েন অ্যাশলির চরিত্রে। অ্যানি অভিনয় করেছেন সফল লেখিকা ভেরিটি ক্রফোর্ডের ভূমিকায়।
গর্ভাবস্থার মধ্যেও ছবির প্রচারে সক্রিয় রয়েছেন অ্যানি। তবে প্রিয় খাবারের ক্ষেত্রে আপাতত চিকিৎসকের পরামর্শই মেনে চলছেন তিনি। ‘ভেরিটি’ ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।