‘দ্য রয়্যালস্ ২’ নিয়ে কী ঘটল?
শুটিং শুরু হয়েছিল মাত্র তিন দিন আগে। তার মধ্যেই বদলে গেল পরিচালক। ঈশান খট্টর, নোরা ফতেহী-সহ প্রথম সিজ়নের একাধিক অভিনেতাকে নিয়ে তৈরি ‘দ্য রয়্যালস্ ২’-এর পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জসমীত কে রীন। তাঁর জায়গায় নতুন পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন মিতাক্ষরা কুমার।
‘নেটফ্লিক্স’-এর এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের শুটিং বর্তমানে রাজস্থানের জৈসলমেরে চলছে। প্রথম সিজ়নের বেশ কয়েক জন অভিনেতা ফিরলেও ভূমি পেডনেকরকে দ্বিতীয় সিজ়নে দেখা যাবে না বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর মধ্যেই পরিচালকের বদলের খবর সামনে এসেছে। একাধিক প্রতিবেদনে সূত্রের দাবি, চিত্রনাট্য এবং সেটি পর্দায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জসমীতের সঙ্গে নির্মাতাদের মতপার্থক্য তৈরি হয়েছিল। জৈসলমেরের সূর্যগড় হোটেলে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন প্রযোজক রঙ্গিতা নন্দীর সঙ্গে তাঁর সৃজনশীল বিষয়ে মতবিরোধ হয় বলেও ওই সূত্রের দাবি। এর পরেই জসমীত প্রকল্পটি ছেড়ে দেন বলে জানা গিয়েছে।
তবে পরিচালক বদলের কারণে শুটিং যাতে থমকে না যায়, সেই দিকেই নজর দেন নির্মাতারা। সূত্রের খবর, দ্রুত মিতাক্ষরা কুমারকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তাঁর যোগদানের ফলে শুটিংয়ের সময়সূচিতে বড় কোনও পরিবর্তন হয়নি বলেও দাবি করা হয়েছে।
মিতাক্ষরার অবশ্য বলিউডের বড় পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ দিন সঞ্জয় লীলা ভন্সালীর সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। ‘বাজীরাও মস্তানী’, ‘পদ্মাবত’ এবং ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ী’-র মতো ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। ভন্সালীর ‘হীরামন্ডী’-র কয়েকটি পর্বও পরিচালনা করেছিলেন মিতাক্ষরা।
‘দ্য রয়্যালস্ ২’-এ ঈশান ও নোরার পাশাপাশি নতুন মুখ হিসাবে যোগ দিচ্ছেন গুরফতেহ পীরজাদা এবং সিনী শেট্টী। ফলে দ্বিতীয় সিজ়ন নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।
যদিও জসমীতের সরে যাওয়ার কারণ হিসাবে যে সৃজনশীল মতপার্থক্যের কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে পরিচালকের বদলের নেপথ্যের কারণ নিয়ে আপাতত সূত্রের দাবিই ভরসা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।