জ়াহিরের আগে আশিস নেহরাকেও চেয়েছিল চেন্নাই, কেন চুক্তি হয়নি ফাঁস করলেন অশ্বিন

জ়াহিরের আগে আশিস নেহরাকেও চেয়েছিল চেন্নাই! স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের নতুন প্রধান কোচ হয়েছেন জ়াহির খান। ধোনির দলের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে প্রাক্তন ভারতীয় পেসারের।…

September 24, 2026
1 min read

জ়াহিরের আগে আশিস নেহরাকেও চেয়েছিল চেন্নাই!

স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের নতুন প্রধান কোচ হয়েছেন জ়াহির খান। ধোনির দলের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে প্রাক্তন ভারতীয় পেসারের। তবে জ়াহিরকে চূড়ান্ত করার আগে আরও কয়েক জনের সঙ্গে কথা বলেছিল চেন্নাই। তাঁদের মধ্যে ছিলেন জ়াহিরেরই প্রাক্তন সতীর্থ আশিস নেহরা— এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

২০১১ সালে ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন জ়াহির ও নেহরা। পরে নেহরা চেন্নাইয়ের হয়েও খেলেছেন। ২০১৪ এবং ২০১৫ সালে হলুদ জার্সিতে খেলার পর জাতীয় দলে ফেরার সুযোগ পান তিনি। অবসর নেওয়ার পর কোচিংয়ে সাফল্য পেয়েছেন নেহরা। গুজরাত টাইটান্সের প্রধান কোচ হিসাবে ২০২২ সাল থেকে দলকে চার বার প্লে-অফে এবং তিন বার ফাইনালে তুলেছেন। এক বার চ্যাম্পিয়নও হয়েছে গুজরাত।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেছেন, জ়াহিরের আগে নেহরার সঙ্গে যোগাযোগ করেছিল চেন্নাই। শুধু নেহরা নন, আরও কয়েক জন ভারতীয় এবং বিদেশি প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেও আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অশ্বিন বলেন, “ওরা অনেকের সঙ্গে কথা বলেছিল। আমি ভুল না করলে তাঁদের মধ্যে নেহরা ভাইও ছিলেন। আমার মনে হয় ভারতের আরও দু’জন কিংবদন্তির সঙ্গে চেন্নাই কথা বলেছিল। কয়েক জন বিদেশিও তালিকায় ছিলেন। কিন্তু কারও সঙ্গেই চুক্তি এগোয়নি।”

কেন আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে পরিণত হল না? অশ্বিনের ব্যাখ্যা, মূল সমস্যা ছিল চুক্তির মেয়াদ। তাঁর মতে, যাঁদের সঙ্গে চেন্নাই কথা বলেছিল, তাঁদের অনেকেই এক বছরের বদলে দীর্ঘ মেয়াদের চুক্তি চাইছিলেন। কিন্তু আগামী মরসুমের পর বড় নিলাম থাকায় চেন্নাইও দীর্ঘ মেয়াদের চুক্তিতে যেতে চায়নি।

অশ্বিন বলেন, “আমার মনে হয়, কেউ এক বছরের চুক্তিতে সই করতে রাজি হয়নি। সকলেই লম্বা চুক্তি চেয়েছিল। কিন্তু পরের মরসুমের পর বড় নিলাম থাকায় চেন্নাইও রাজি হয়নি। তাই এই সমস্যা হয়েছে।”

শেষ পর্যন্ত জ়াহির খানকেই বেছে নিয়েছে চেন্নাই। নতুন কোচকে নিয়ে আশাবাদী অশ্বিনও। তাঁর মতে, জ়াহির ক্রিকেটের খুঁটিনাটি খুব ভাল বোঝেন এবং ধোনির সঙ্গে তাঁর পুরনো সম্পর্কও রয়েছে।

অশ্বিনের কথায়, “জ়াহির ভাই খুব ভাল কোচ। বুদ্ধিমান এবং ক্রিকেটের খুঁটিনাটি জানে। ধোনির সঙ্গে ওর সম্পর্কও বেশ ভাল। একসঙ্গে খেলেছে। প্রধান কোচ হিসাবে জ়াহিরের এটা প্রথম কাজ। ধোনি ও জ়াহির ভাই মিলে চেন্নাইকে সাফল্য দিতে পারবে।”

এর আগে চেন্নাইয়ের কোচ হওয়ার দৌড়ে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক অইন মরগ্যানের নামও সামনে এসেছিল। তাঁর সঙ্গেও আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সেই চুক্তি হয়নি। চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথনের দাবি, মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শেই জ়াহিরকে প্রধান কোচ হিসাবে বেছে নেওয়া হয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *