হানিয়া আমিরের ‘পাবলো’-তে আচমকা রাখী সাওয়ন্ত!
অভিনেত্রী থেকে র্যাপার— নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির। নিজের লেখা ও সুরে প্রথম বার র্যাপ গান প্রকাশ করেছেন তিনি। পঞ্জাবি ভাষার প্রায় দু’মিনিটের সেই গানটির নাম ‘পাবলো’। তবে গান প্রকাশের পর হানিয়ার র্যাপের পাশাপাশি সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে আর এক পরিচিত নাম— রাখী সাওয়ন্ত।
‘পাবলো’-তে মূলত নিজের সমালোচকদেরই জবাব দিয়েছেন হানিয়া। তাঁর চেহারা, ব্যক্তিত্ব, জীবনযাপন কিংবা ব্যক্তিগত পছন্দ নিয়ে যাঁরা নিয়মিত মন্তব্য করেন, তাঁদের উদ্দেশেই যেন একের পর এক বার্তা ছুড়ে দিয়েছেন অভিনেত্রী। গানটির শুরুতে পিয়ানো-নির্ভর আবহে র্যাপ শুরু করেন তিনি।
হানিয়ার বক্তব্যের কেন্দ্রে রয়েছে সমালোচকদের দ্বিচারিতা। তাঁর দাবি, এক দিকে তাঁকে ‘নকল’ বলা হয়, অন্য দিকে তাঁর জীবনযাপন নিয়ে সেই সমালোচকেরাই সব সময় নজর রাখেন। তিনি হাসিখুশি থাকলেও কারও কারও সমস্যা, আবার নিজের মতো করে জীবন কাটালেও তৈরি হয় নানা বিতর্ক।
গানটির মাধ্যমে হানিয়া কার্যত জানিয়ে দিয়েছেন, অন্যের পছন্দ অনুযায়ী নিজেকে বদলানোর কোনও ইচ্ছে তাঁর নেই। নিজের পরিচয়, ব্যক্তিত্ব এবং জীবনযাপন নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সমালোচনা তাঁকে থামিয়ে দিতে পারবে না— ‘পাবলো’-র বার্তায় সেই সুরই স্পষ্ট।
তবে গানের শেষ দিকেই আসে চমক। প্রায় এক মিনিট ৪০ সেকেন্ডের মাথায় আচমকাই শোনা যায় রাখী সাওয়ন্তের কণ্ঠ। ভিডিয়োয় তাঁকে দেখা যায় না, কিন্তু হানিয়াকে উদ্দেশ করে তাঁর একটি বিশেষ বার্তা রয়েছে।
রাখী বলেন, “হানিয়া মেরি জান, এত চিন্তা কোরো না, বুঝতে পারছ?” এর পর হানিয়ার প্রশংসা করে তাঁকে সুন্দরী, উজ্জ্বল এবং ‘বাঘিনী’ বলেও উল্লেখ করেন তিনি। বার্তার শেষে রাখীর মন্তব্য, “যে ভয় পেয়ে যায়, সে যেন মরে যায়।” গানের শেষের কৃতজ্ঞতা স্বীকারের অংশেও আলাদা করে রাখী সাওয়ন্তের নাম রাখা হয়েছে।
হানিয়ার গানে রাখীর এই আকস্মিক উপস্থিতি নিয়েই এখন নেটমাধ্যমে প্রশ্ন উঠছে— কেন এই যুগলবন্দি? তাঁদের মধ্যে কোনও নতুন কাজের পরিকল্পনা রয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে ‘পাবলো’-র আত্মবিশ্বাসী বার্তার সঙ্গে রাখীর নাটকীয় কণ্ঠ যোগ হয়ে গানটির শেষ মুহূর্তকে যে আরও চমকপ্রদ করে তুলেছে, তা বলাই যায়।
সব মিলিয়ে, হানিয়ার প্রথম র্যাপ যেমন তাঁর সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী জবাব, তেমনই শেষ মুহূর্তে রাখীর বার্তা গানটিতে যোগ করেছে আলাদা মাত্রা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।