জেলবন্দি অসুস্থ ইমরান কেমন আছেন?
হাসপাতাল থেকে ফের জেলে পাঠানো হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। দীর্ঘদিন ধরে বন্দি থাকা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চোখের সমস্যা নিয়ে নানা খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে, এখন কেমন আছেন তিনি? সেই বিষয়ে কিছুটা তথ্য দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ় রাজা।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’স স্টিক টু ক্রিকেট’ অনুষ্ঠানে ইমরানের বিষয়ে কথা বলেন রামিজ়। তিনি জানান, এখনও ইমরানকে অনেকটা নিভৃত অবস্থায় রাখা হয়েছে। তাঁর কথায়, বিপুল সংখ্যক সমর্থক থাকা সত্ত্বেও প্রায় তিন বছর ধরে জেলের ভিতরে থাকা ইমরানের জন্য অত্যন্ত কঠিন সময়।
ইমরানের চোখের সমস্যা নিয়েও উদ্বেগ রয়েছে। এমন খবরও প্রকাশ্যে এসেছিল যে তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। তবে রামিজ়ের বক্তব্য অনুযায়ী, আপাতত সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক সপ্তাহ আগে চোখে সমস্যা হয়েছিল ইমরানের। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই মনে করছেন তিনি। পাশাপাশি ইমরানের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন রামিজ়।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই। কয়েক দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে দ্বিতীয় বার চিঠি লিখেছেন ভারতের সুনীল গাওস্কর, কপিল দেব-সহ ২১ জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের আবেদন, ইমরানের যথাযথ চিকিৎসা এবং প্রয়োজনীয় মানবিক যত্ন নিশ্চিত করা হোক।
২৩ অগস্ট প্রকাশ্যে আসা ওই চিঠিতে প্রাক্তন ক্রিকেটাররা জানিয়েছেন, রাজনীতির কারণে নয়, ক্রিকেট মাঠের পুরনো সম্পর্ক এবং বন্ধুত্বের জায়গা থেকেই তাঁরা পাকিস্তান সরকারের কাছে আবেদন করছেন। ছ’মাস আগেও ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক একই ধরনের আবেদন করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের জন্য একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। সেই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজ়মা খানকেও রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার কথাও বলা হয়েছে।
ইমরানের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট মহলের উদ্বেগও তাই অব্যাহত। রামিজ় রাজা আপাতত তাঁর চোখের সমস্যার উন্নতির কথা জানালেও, দীর্ঘ কারাবাসের মধ্যে তাঁর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।