পাকিস্তান ম্যাচেই ভারতের ভাগ্য পরীক্ষা!
ইংল্যান্ডের কাছে হারের পর হকি বিশ্বকাপে ভারত নিজেদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে হরমনপ্রীত সিংহের দল। সেই ম্যাচে জয় না এলে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা কার্যত বন্ধ হয়ে যেতে পারে।
পুল ডি-তে প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে হেরে যায় তারা। ফলে দুই ম্যাচে ভারতের সংগ্রহ ৩ পয়েন্ট।
এই গ্রুপে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ভারত এবং পাকিস্তান—দুই দলকেই হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্য দিকে পাকিস্তান ও ওয়েলসের সংগ্রহ এক পয়েন্ট করে। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে এবং একটি করে ড্র করেছে।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের প্রথম দু’টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। তাই শেষ ম্যাচে ভারতের সামনে সমীকরণ বেশ পরিষ্কার—পাকিস্তানকে হারাতেই হবে।
হারলে কী হবে?
পাকিস্তানের কাছে ভারত হারলে হরমনপ্রীতদের পয়েন্ট ৩-তেই আটকে থাকবে। অন্য দিকে পাকিস্তান পৌঁছে যাবে চার পয়েন্টে। ফলে ভারতকে টপকে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে তারা। সেই পরিস্থিতিতে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের ফলও ভারতের ভাগ্য বদলাতে পারবে না।
ড্র করলেও নিশ্চিন্ত নয়
ভারত-পাকিস্তান ম্যাচ ড্র হলে ভারতের পয়েন্ট হবে ৪। তখন তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের দিকে। ইংল্যান্ড জিতলে ভারত কোয়ার্টার ফাইনালে উঠবে। কিন্তু ওয়েলস ইংল্যান্ডকে হারালে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ৪।
সেক্ষেত্রে শেষ সিদ্ধান্ত হবে গোলপার্থক্যের ভিত্তিতে। বর্তমানে ভারতের গোলপার্থক্য +৩, আর ওয়েলসের +১। তবে শেষ ম্যাচের ফলের উপর সেটিও বদলে যেতে পারে।
অর্থাৎ, সমীকরণ যতই জটিল হোক, ভারতের জন্য সবচেয়ে নিরাপদ পথ একটাই—পাকিস্তানকে হারানো। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে বুধবার জিততে পারলে ছয় পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত। অন্য কোনও দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না।
তাই পাকিস্তান ম্যাচ শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, ভারতের বিশ্বকাপ অভিযানেরও অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। হরমনপ্রীতদের কাছে বুধবারের ম্যাচ কার্যত ‘মরণ-বাঁচন’ লড়াই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।