১১ বছর কাঁচি ছোঁয়াননি! ৮ ফুট ১০ ইঞ্চি চুলে বিশ্বরেকর্ড!
চুল কাটেননি টানা ১১ বছর। সেই চুলের দৈর্ঘ্য এখন ৮ ফুট ১০ ইঞ্চি! ভারতের তরুণী রেণু ধরিবাল বিশ্বের জীবিত মহিলাদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন। উত্তরাখণ্ডে তাঁর চুলের দৈর্ঘ্য আনুষ্ঠানিক ভাবে মাপা হয়েছে।
রেণুর ঘন কালো চুলের দৈর্ঘ্য ২৭১.৫০ সেন্টিমিটার, অর্থাৎ ৮ ফুট ১০ ইঞ্চি। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর তথ্য অনুযায়ী, এই দৈর্ঘ্য এতটাই বেশি যে তা বিশ্বের সর্বকালের দীর্ঘতম ব্যক্তি রবার্ট ওয়াডলোর উচ্চতার থেকেও সামান্য কম।
কী ভাবে এত লম্বা চুল সম্ভব? রেণুর দাবি, ২০১৫ সাল থেকে তিনি আর চুল কাটেননি। অর্থাৎ, টানা ১১ বছর ধরে কাঁচির ছোঁয়া থেকে দূরে রেখেছেন নিজের কেশরাশি।
লম্বা চুল রাখার পিছনে ভারতীয় সংস্কৃতিরও প্রভাব রয়েছে বলে জানিয়েছেন রেণু। তাঁর কথায়, ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘ চুলকে সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়। সেই ভাবনাই তাঁকে চুল বাড়ানোর অনুপ্রেরণা দিয়েছে।
তবে শুধু চুল না কাটলেই যে এত বড় রেকর্ড করা সম্ভব, তা নয়। বছরের পর বছর ধরে চুলের যত্ন নেওয়াটাও ছিল রেণুর কাছে বড় চ্যালেঞ্জ। চুল ধোয়া থেকে শুরু করে জট ছাড়ানো—প্রতিটি কাজেই তাঁকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে হয়।
রেণুর চুল শুধু লম্বাই নয়, ঘন এবং চকচকে বলেও বর্ণনা করা হয়েছে। তিনি বাড়িতেই প্রাকৃতিক উপায়ে চুলের তেল ও শ্যাম্পু তৈরি করেন বলে জানিয়েছেন। সেই চুলের যত্নের নানা পদ্ধতি অনুগামীদের সঙ্গেও সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।
এত লম্বা চুল সামলাতে গিয়ে দৈনন্দিন জীবনেও নিশ্চয়ই নানা সমস্যা হয়। কিন্তু ধৈর্য ধরে বছরের পর বছর কেশরাশির পরিচর্যা করে গিয়েছেন রেণু। তাঁর এই ব্যতিক্রমী রেকর্ডের খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন। সবচেয়ে বেশি কৌতূহল অবশ্য একটি বিষয় নিয়েই—‘‘কোন তেল ব্যবহার করেন রেণু?’’
চুলের পরিচর্যার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি রেণু বিষয়স্রষ্টা এবং ইউটিউবার হিসাবেও নিজের পরিচিতি তৈরি করেছেন। ফলে তাঁর দীর্ঘ চুলের রেকর্ডের পাশাপাশি চুলের যত্নের পদ্ধতিও এখন নেটদুনিয়ায় আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।