বিচ্ছেদের সময় কতটা ভেঙে পড়েছিলেন ব্র্যাড পিট?
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে বিবাহবিচ্ছেদ হয় ব্র্যাড পিটের। ভেঙে যায় হলিউডের অন্যতম আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি। সেই কঠিন সময় তাঁর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল বলে এ বার জানালেন অভিনেতা।
অ্যাঞ্জেলিনার সঙ্গে বিচ্ছেদের সময় জীবনে প্রথম বার আত্মহত্যার কথা তাঁর মাথায় এসেছিল বলে জানিয়েছেন ব্র্যাড। তবে সেই চিন্তা বাস্তবে রূপ দেওয়ার কোনও ইচ্ছা তাঁর ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যাড বলেন, তিনি কখনও নিজেকে আত্মহত্যাপ্রবণ মানুষ বলে মনে করেননি। বরং তাঁর স্বভাবগত আশাবাদই কঠিন পরিস্থিতিতে তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। যদিও জীবনের সেই বিশেষ সময়ে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে, ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।
নিজের মানসিক অবস্থার বিস্তারিত কারণ অবশ্য প্রকাশ করতে চাননি ব্র্যাড। শুধু জানিয়েছেন, ‘‘পারিবারিক কিছু বিষয়’’ তাঁর সেই কঠিন সময়ের সঙ্গে জড়িত ছিল। অভিনেতার কথায়, ওই সময় ছাড়া জীবনে আর কখনও আত্মহত্যার কথা তাঁর মাথায় আসেনি।
সেই সময়ের মানসিক যন্ত্রণা ব্যাখ্যা করতে গিয়ে ব্র্যাড জানান, তাঁর মনে হয়েছিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনও পথ নেই। তবে শেষপর্যন্ত তাঁর বেঁচে থাকার প্রবল ইচ্ছাই তাঁকে সেই অন্ধকার সময় কাটিয়ে উঠতে সাহায্য করে।
ব্র্যাড আরও জানান, দীর্ঘ সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর ওই কঠিন সময়েই তিনি ফের মদ্যপান শুরু করেছিলেন। তবে বর্তমানে তাঁর দাবি, মদ্যপানের ক্ষেত্রে তিনি যথেষ্ট নিয়ন্ত্রিত এবং পরিমিত।
অন্য দিকে, বিচ্ছেদের পর নিজের জীবন নিয়েও মুখ খুলেছেন অ্যাঞ্জেলিনা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিবাহবিচ্ছেদের পর এখনও নতুন কোনও সম্পর্কে জড়াননি। তাঁর কথায়, নতুন করে জীবনকে বুঝতে এবং নিজের স্বাধীনতা ফিরে পেতে সময় লাগছে।
২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিংয়ের সময় ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার পরিচয়। পরে তাঁদের সম্পর্ক হলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনিতে পরিণত হয়। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০১৪ সালের অগস্টে ফ্রান্সে বিয়ে করেন তাঁরা। তাঁদের ছয় সন্তান রয়েছে।
২০১৬ সালে সম্পর্কের ইতি টানার পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়।
বর্তমানে মডেল ইন্স দে র্যামনের সঙ্গে ব্র্যাডের সম্পর্ক রয়েছে বলে খবর। অন্য দিকে, অ্যাঞ্জেলিনা জানিয়েছেন, বিচ্ছেদের পর এখনও নতুন সম্পর্কে যাওয়ার পথে হাঁটেননি তিনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।