জ়ম্বি-আতঙ্কে আবার ব্র্যাড পিট! ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’-এর সিক্যুয়েলে পরিচালনায় কে?

জ়ম্বি-আতঙ্কে আবার ব্র্যাড পিট! দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় এক দশকেরও বেশি সময় পর ফের বড় পর্দায় ফিরতে চলেছে ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’। ২০১৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় জ়ম্বি-অ্যাকশন ছবিটির সিক্যুয়েলে আবারও…

September 19, 2026
1 min read

জ়ম্বি-আতঙ্কে আবার ব্র্যাড পিট!

দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় এক দশকেরও বেশি সময় পর ফের বড় পর্দায় ফিরতে চলেছে ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’। ২০১৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় জ়ম্বি-অ্যাকশন ছবিটির সিক্যুয়েলে আবারও গেরি লেনের চরিত্রে দেখা যাবে ব্র্যাড পিটকে। শুধু অভিনয়ই নয়, নতুন ছবির প্রযোজনার দায়িত্বও থাকছে তাঁর কাঁধে।

‘প্যারামাউন্ট পিকচার্স’-এর প্রযোজনায় তৈরি হতে চলা ছবিটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এডওয়ার্ড বার্গারকে। ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং ‘কনক্লেভ’-এর মতো প্রশংসিত ছবির পরিচালক বার্গারের হাতে এবার তৈরি হবে জ়ম্বি-দুনিয়ার এই বহু প্রতীক্ষিত পরের অধ্যায়। ছবির চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি।

নতুন ছবির কাহিনি নিয়ে এখনও নির্মাতারা বিস্তারিত কিছু জানাননি। তবে প্রথম ছবির মতোই গেরি লেনকে ঘিরে বড়সড় বিপদের গল্পই যে তৈরি হতে চলেছে, তা নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।

২০১৩ সালের ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’-এ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী আধিকারিক গেরি লেনের ভূমিকায় অভিনয় করেছিলেন ব্র্যাড পিট। আচমকাই গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এক ভয়াবহ জ়ম্বি মহামারির উৎস খুঁজতে তাঁকে এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াতে দেখা যায়। ম্যাক্স ব্রুকসের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি আন্তর্জাতিক বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল।

তবে দ্বিতীয় ছবির যাত্রা একেবারেই সহজ ছিল না। এক সময় ‘ফাইট ক্লাব’ ও ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’-এর পরিচালক ডেভিড ফিঞ্চারের সঙ্গে সিক্যুয়েল তৈরির পরিকল্পনা হয়েছিল। ব্র্যাড পিটেরও ফেরার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।

এর পর চলতি বছরের এপ্রিল মাসে প্যারামাউন্ট নতুন করে ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’ সিক্যুয়েল তৈরির ঘোষণা করে। যদিও তখন পরিচালক বা অভিনেতার নাম প্রকাশ্যে জানানো হয়নি। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে ব্র্যাড পিটের প্রত্যাবর্তন নিশ্চিত করা হল।

ছবির প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে ব্র্যাডের। ডিডি গার্ডনার ও জেরেমি ক্লিনারের সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে তিনি ছবিটি প্রযোজনা করবেন। এডওয়ার্ড বার্গার থাকছেন কার্যনির্বাহী প্রযোজক হিসাবে।

এই ছবির মাধ্যমে ব্র্যাড ও বার্গারের জুটি দ্বিতীয় বার একসঙ্গে কাজ করতে চলেছে। এর আগে দু’জনে আসন্ন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য রাইডার্স’-এ কাজ করেছেন। ফলে একদিকে গেরি লেনের প্রত্যাবর্তন, অন্য দিকে ব্র্যাড-বার্গারের নতুন সহযোগিতা—দুই কারণেই ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’-এর সিক্যুয়েল ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *