কলকাতা লিগে ফের ধাক্কা মোহনবাগানের, ভবানীপুরের কাছে ২-১ হার!
কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত। কাস্টমসের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ভবানীপুরের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হার মানতে হল সবুজ-মেরুনকে। টানা দ্বিতীয় পরাজয়ের ফলে শীর্ষ লড়াইয়ে বড় ধাক্কা খেল মোহনবাগান, অন্যদিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল ভবানীপুর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভবানীপুরকে। অষ্টম মিনিটেই গোলের সুযোগ তৈরি করলেও সে যাত্রায় রক্ষা পায় মোহনবাগান। ১২ মিনিটে জিতেন মুর্মুর দূরপাল্লার শট দুর্দান্তভাবে আটকে দেন গোলরক্ষক দীপ্রভাত ঘোষ। প্রথমার্ধে মোহনবাগান আক্রমণে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। ১৯ মিনিটে তারা একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
প্রথমার্ধের শেষ দিকে কিয়ান নাসিরির শট পোস্টে লাগে এবং সংযুক্তি সময়ে তাঁর নেওয়া ফ্রিকিকও কোনও মতে প্রতিহত করেন ভবানীপুর গোলরক্ষক আদিত্য পাত্র। তবে সামগ্রিকভাবে প্রথম ৪৫ মিনিটে ভবানীপুরই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে।
বিরতির পরেও একই ছবি দেখা যায়। ভবানীপুর ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে থাকে, আর মোহনবাগানের রক্ষণ বারবার চাপে পড়ে। ৮০ মিনিটে সেই চাপেরই ফল মেলে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করে ভবানীপুরকে এগিয়ে দেন সাহিল হরিজন।
তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। ৮৬ মিনিটে ভবানীপুরের রক্ষণে মনঃসংযোগের অভাবের সুযোগ নিয়ে বিভানজ্যোতি লস্কর সমতা ফেরান মোহনবাগানের হয়ে। মনে হচ্ছিল অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে সবুজ-মেরুন।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে আবারও ভেঙে পড়ে মোহনবাগানের রক্ষণ। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে রবি হাঁসদার দূরপাল্লার শট জালে জড়িয়ে গেলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ভবানীপুর।
এই জয়ের ফলে ছয় ম্যাচে পাঁচটি জয় এবং একটি ড্র থেকে ১৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে ভবানীপুর। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে নেমে গেছে মোহনবাগান। টানা দ্বিতীয় হারের পর লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে আগামী ম্যাচগুলোতে দ্রুত ঘুরে দাঁড়ানোই এখন সবুজ-মেরুন শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।