অনুদান বন্ধ হতেই গবেষণা বাঁচাতে OnlyFans-এ গবেষকদের চমক!
সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় গবেষণা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। সেই সঙ্কট কাটাতে এক অভিনব পথ বেছে নিয়েছেন আমেরিকার একদল গবেষক। সাধারণত প্রাপ্তবয়স্কদের কনটেন্টের জন্য পরিচিত OnlyFans প্ল্যাটফর্মেই খুলেছেন একটি বিশেষ অ্যাকাউন্ট, যেখানে রয়েছে শুধু এক ধরনের বন্য প্রাণী— ইয়েলো-বেলিড মারমট-এর ছবি ও ভিডিও।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (UCLA)-এর ইকোলজি ও ইভোলিউশনারি বায়োলজি বিভাগের অধ্যাপক ড্যানিয়েল ব্লুমস্টাইন বহু বছর ধরে কলোরাডোর ইয়েলো-বেলিড মারমট নিয়ে বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি গবেষণা অনুদান না মেলায় প্রকল্পটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতেই জন্ম নেয় নতুন ভাবনা।
গবেষকরা ‘OnlyMarms’ নামে একটি OnlyFans অ্যাকাউন্ট চালু করেছেন। তবে এটি অন্য সব অ্যাকাউন্টের মতো নয়। এখানে কোনও সাবস্ক্রিপশন ফি নেই। যে কেউ বিনামূল্যে অ্যাকাউন্টটি অনুসরণ করে মারমটদের দৈনন্দিন জীবন, খেলাধুলা, গর্ত খোঁড়া বা খাবার সংগ্রহের নানা মজার মুহূর্ত দেখতে পারেন।
তাহলে অর্থ আসে কোথা থেকে? ব্লুমস্টাইনের কথায়, পুরো উদ্যোগটাই নির্ভর করছে দর্শকদের স্বেচ্ছায় দেওয়া টিপস বা অনুদানের উপর। অ্যাকাউন্টের বায়োতেও স্পষ্ট করে জানানো হয়েছে, যে কোনও অনুদান সরাসরি মারমট গবেষণার কাজে ব্যয় করা হবে এবং অনুদান দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক।
গবেষকদের দাবি, এই ধারণার পিছনে ছিল একেবারেই বাস্তব সমস্যা। দীর্ঘ সময় মাঠে বসে মারমটদের আচরণ পর্যবেক্ষণ করতে করতেই ব্লুমস্টাইনের মাথায় আসে এই পরিকল্পনা। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তাঁরাও উদ্যোগটি বাস্তবায়নে উৎসাহ দেন।
তবে গবেষকদের কাছে এটি কোনও স্থায়ী সমাধান নয়। ব্লুমস্টাইনের মতে, সরকারি অর্থায়নের বিকল্প হিসেবে এই মডেল কখনওই যথেষ্ট হবে না। বরং গবেষণার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং কিছু প্রয়োজনীয় খরচ মেটানোর একটি বিকল্প পথ হিসেবেই তাঁরা এটিকে দেখছেন।
তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত খুব বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। কারণ দর্শকদের দেওয়া অনুদানের একটি অংশ প্ল্যাটফর্ম কমিশন হিসেবে কেটে নেয়, তার পর আবার করও দিতে হয়। তবুও গবেষণা চালিয়ে যাওয়ার আশায় তাঁরা এই উদ্যোগ অব্যাহত রেখেছেন।
২০১৬ সালে চালু হওয়া OnlyFans বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্ম। যদিও এটি মূলত প্রাপ্তবয়স্কদের কনটেন্টের জন্য পরিচিত, বর্তমানে অনেক শিল্পী, প্রশিক্ষক, শিক্ষাবিদ এবং স্বাধীন কনটেন্ট নির্মাতারাও নিজেদের কাজের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।
মারমট গবেষকদের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়ে দিল, অর্থের অভাব গবেষণার গতি থামিয়ে দিতে পারে ঠিকই, কিন্তু নতুন ভাবনার পথ কখনও বন্ধ করতে পারে না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?