শাড়িতে সাই পল্লবীর অনাড়ম্বর স্টাইলই আজকের ফ্যাশনের নতুন সংজ্ঞা!
দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী শুধু অভিনয় নয়, নিজের সহজ-সরল ফ্যাশন সেন্সের জন্যও সমান জনপ্রিয়। সম্প্রতি পরিচালক মণি রত্নমের ছবির শুটিংয়ে কলকাতায় এসে আবারও নজর কেড়েছেন তিনি। জাঁকজমকপূর্ণ সাজের বদলে সাই বরাবরই বিশ্বাস করেন স্বাভাবিক সৌন্দর্য, কম গয়না এবং মার্জিত স্টাইলিংয়ে। তাই শাড়ি পরে কীভাবে বাড়তি আড়ম্বর ছাড়াই নজর কাড়া যায়, তার অন্যতম সেরা উদাহরণ তিনি।
সাইয়ের স্টাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল— দামি বা ভারী সাজ নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে শাড়ি বহন করার ক্ষমতা। হাতে-বোনা সিল্ক, কাঞ্জিভরম, টিস্যু সিল্ক কিংবা হালকা শিফন— প্রতিটি শাড়িকেই তিনি নিজের স্বাভাবিক উপস্থিতি দিয়ে আলাদা মাত্রা দেন। ন্যূনতম মেকআপ, ছোট্ট টিপ, হালকা গয়না এবং স্বাভাবিক হেয়ারস্টাইলই তাঁর ফ্যাশনের মূল আকর্ষণ।
সোনালি কাঞ্জিভরমে রাজকীয় আভিজাত্য
‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে সোনালি কাঞ্জিভরম টিস্যু সিল্ক শাড়িতে ধরা দেন সাই। সোনালি জরির সূক্ষ্ম নকশা আর বেগনি পাড়ের শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন একই কাপড়ের সাধারণ ব্লাউজ। গলায় মন্দির-শৈলীর সোনার চোকার, কানে ঝুমকো, হাতে কয়েকটি চুড়ি— এতেই সম্পূর্ণ হয়েছে তাঁর লুক। খোলা চুল, হালকা ব্লাশ, নিউড লিপস্টিক এবং ছোট্ট লাল টিপ পুরো সাজে এনে দেয় ঐতিহ্যের ছোঁয়া।
আইভরি টিস্যু সিল্কে অনবদ্য এলিগ্যান্স
বোনের বিয়ের এক অনুষ্ঠানে আইভরি টিস্যু সিল্ক শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। একই রঙের সিল্ক ব্লাউজের সঙ্গে তৈরি করেছিলেন মনোক্রোম লুক। গলায় ও কানে মুক্তোর গয়না, হাতে একটি জপমালা এবং প্রায় ‘নো-মেকআপ’ লুক— সব মিলিয়ে তাঁর স্বাভাবিক সৌন্দর্যই হয়ে ওঠে আসল আকর্ষণ। এই লুক প্রমাণ করে, কম সাজেও অনায়াসে নজর কাড়া সম্ভব।
বর্ষার জন্য আদর্শ ফ্লোরাল শিফন
হালকা নীল-সাদা ফুলেল নকশার শিফন শাড়িতেও সমান সাবলীল সাই। তার সঙ্গে পরেছিলেন নীল হাতকাটা ব্লাউজ। গয়না বলতে শুধু একজোড়া ঝুমকো। গলায় বা হাতে কোনও অলংকার নেই। এলোমেলো খোঁপা আর ছোট্ট টিপেই সম্পূর্ণ হয়েছে তাঁর বর্ষার লুক। যাঁরা হালকা ও আরামদায়ক শাড়ি পরে স্টাইলিশ দেখাতে চান, তাঁদের জন্য এই সাজ নিঃসন্দেহে অনুপ্রেরণা হতে পারে।
সাই পল্লবীর ফ্যাশন দর্শন একটাই— শাড়ির সৌন্দর্য বাড়াতে অতিরিক্ত অলংকারের প্রয়োজন নেই। সঠিক রঙের নির্বাচন, পরিমিত গয়না, স্বাভাবিক মেকআপ এবং আত্মবিশ্বাস— এই চার উপাদানই একটি সাধারণ শাড়িকেও অসাধারণ করে তুলতে পারে। তাই ট্রেন্ডের ভিড়ে আলাদা হতে চাইলে সাইয়ের এই মিনিমালিস্ট স্টাইল সহজেই অনুসরণ করা যেতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?