সাই পল্লবীকে নিয়ে সংশয় প্রকাশ রামানন্দ সাগরের ‘সীতা’ দীপিকা চিখলিয়ার!
নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবির অভিনেতা-অভিনেত্রীরা। বিশেষ করে সীতার চরিত্রে সাই পল্লবীকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ বার সেই প্রসঙ্গেই মুখ খুললেন রামানন্দ সাগরের জনপ্রিয় টেলিভিশন সিরিজ়ের ‘সীতা’ দীপিকা চিখলিয়া। সাইয়ের অভিনয় দক্ষতার প্রশংসা করলেও, তাঁকে পর্দায় সীতারূপে কেমন লাগবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
প্রথমদিকে শোনা গিয়েছিল, নীতেশ তিওয়ারির ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে জাহ্নবী কপূর বা দীপিকা পাড়ুকোনকে। পরে শেষ পর্যন্ত সেই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছিল নানা আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “সাই পল্লবী নিঃসন্দেহে অসাধারণ অভিনেত্রী। কিন্তু তাঁকে সীতার চরিত্রে কতটা মানাবে, সেটা ছবি মুক্তির পরেই বোঝা যাবে।” তাঁর মতে, সীতার চরিত্র শুধু অভিনয়ের বিষয় নয়, সেই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি নির্দিষ্ট ঐতিহ্য এবং বর্ণনা।
দীপিকার দাবি, তুলসীদাসের ‘রামচরিতমানস’-সহ বিভিন্ন রামায়ণ-ভিত্তিক বর্ণনায় সীতার রূপের যে বিবরণ পাওয়া যায়, তা মাথায় রেখেই রামানন্দ সাগর তাঁর ধারাবাহিকের জন্য অভিনেত্রী নির্বাচন করেছিলেন। তিনি বলেন, সীতার চোখ, মুখের গঠন, উচ্চতা এবং ব্যক্তিত্বের নির্দিষ্ট বর্ণনা রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই দীপিকা মন্তব্য করেন, “মূল বর্ণনায় কোথাও সীতার কোঁকড়া চুলের উল্লেখ নেই।”
এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, সাই পল্লবীর স্বাভাবিক কোঁকড়া চুলই তাঁর অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। যদিও দীপিকা সরাসরি সাইয়ের লুক নিয়ে সমালোচনা করেননি, তাঁর বক্তব্যকে অনেকেই সীতার চরিত্রের ঐতিহ্যগত উপস্থাপনা নিয়ে একটি পর্যবেক্ষণ হিসেবেই দেখছেন।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। রাবণের চরিত্রে দেখা যাবে যশকে এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন লারা দত্ত, রকুল প্রীত সিংহ, কাজল অগ্রবাল, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুণাল কপূর এবং মোহিত রায়না।
প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ছবি ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে ধরা হচ্ছে। দু’টি পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে। যদিও ২৪ জুলাই প্রকাশ হওয়ার কথা থাকা ছবির প্রথম প্রচার-ঝলক আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?