মেসির পর আর এক বিদায়!
footশেষ হতেই আর্জেন্টিনা শিবিরে শুরু হল পরিবর্তনের পালা। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালই হয়ে রইল তাঁর দেশের জার্সিতে শেষ ম্যাচ। বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছরের এই তারকা।
সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ওটামেন্ডি। তিনি লেখেন, “জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির একটি আজ জানাচ্ছি। বিশ্বকাপ ফাইনালই ছিল আর্জেন্টিনার হয়ে আমার শেষ ম্যাচ। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু গর্বের সঙ্গে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত দল নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য আমার দেশকে ধন্যবাদ।”
২০০৯ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয়েছিল ওটামেন্ডির। এরপর টানা ১৭ বছরে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। ডিফেন্সের অন্যতম ভরসা হয়ে একাধিক বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওটামেন্ডি। শুধু বিশ্বকাপই নয়, কোপা আমেরিকার একাধিক শিরোপা জয়ের পথেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। যদিও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোচ লিয়োনেল স্কালোনি তাঁকে বেশিরভাগ সময় পরিবর্ত ফুটবলার হিসেবেই ব্যবহার করেছেন। তবুও দলের অভিজ্ঞতা এবং নেতৃত্বে তাঁর গুরুত্ব কখনও কমেনি।
ক্লাব ফুটবলেও দীর্ঘ ও সফল কেরিয়ার গড়েছেন ওটামেন্ডি। ইউরোপের একাধিক বড় ক্লাব— পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার জার্সিতে খেলেছেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের হয়ে খেলছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
ওটামেন্ডির অবসরের সিদ্ধান্ত এমন সময় এল, যখন আর্জেন্টিনা জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছেন কোচ লিয়োনেল স্কালোনি। দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের বয়স ৩৫ পেরিয়ে গিয়েছে। ফলে আগামী কয়েক বছরে ধাপে ধাপে তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর লিয়োনেল মেসির ভবিষ্যৎ নিয়েও জোর আলোচনা চলছে। সেই আবহেই ওটামেন্ডির অবসর আর্জেন্টিনা ফুটবলে এক যুগের সমাপ্তির ইঙ্গিত দিল। তবে ক্লাব ফুটবলে আপাতত খেলা চালিয়ে যাবেন তিনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?