বিশ্বকাপ ফাইনালের বিতর্ক আরও ঘনীভূত!
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ বাঁশির পরেও থামেনি। স্পেনের বিরুদ্ধে হারের পর মাঠে আর্জেন্টিনা ও স্পেনের কয়েক জন ফুটবলারের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেই ঘটনার রেশ গ্যালারিতেও পৌঁছয় বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে, এই ঘটনার পর আর্জেন্টিনার কয়েক জন ফুটবলারের পরিবারের সদস্যদের স্থানীয় প্রশাসন আটক করেছে। তবে ঠিক কত জনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
ফাইনাল শেষে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর তিনি প্রথমে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং পরে গাভির সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়।
এর পর আর্জেন্টিনার ফুটবলাররা গ্যালারির দিকে যান, যেখানে তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সময় পদক প্রদান অনুষ্ঠানও কিছুটা বিলম্বিত হয়। ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কয়েক জনকে আটক করে বলে খবর। তবে ফিফা কিংবা আর্জেন্টিনা ফুটবল সংস্থা এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এই পরিস্থিতির মধ্যেই আর্জেন্টিনায় থাকা পারেদেসের মা মিরিয়াম বেনিতেজ় ছেলের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, জাতীয় দলের প্রতি আবেগ থেকেই পারেদেসের এমন প্রতিক্রিয়া। তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করি না। লিয়ান্দ্রোও সকলকে সম্মান করে। কিন্তু মাঠে আবেগ অনেক সময় নিয়ন্ত্রণে রাখা কঠিন। জাতীয় দলের জার্সির মূল্য ও খুব ভাল করেই বোঝে।”
পারেদেসের বোন বারবারাও ভাইয়ের সমর্থনে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, “বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে। যা ঘটেছে, তার আগে কী হয়েছিল, সেটা সবাই জানে না। শুধু শেষ মুহূর্ত দেখে বিচার করা ঠিক নয়।”
তিনি আরও বলেন, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। তাঁর ভাষায়, “হতে পারে আমরা চতুর্থ তারাটি জার্সিতে যোগ করতে পারিনি, কিন্তু আমাদের লড়াই এবং দেশের প্রতি আবেগ নিয়ে আমরা গর্বিত।”
বিশ্বকাপ ফাইনালের পর মাঠের এই অশান্তি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে ফিফা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, এখন সেটাই দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?