‘আলফা’ ঘিরে বিতর্কে আলিয়ার পাশে কর্ণ!
মুক্তির পর থেকেই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি ঘিরে যেমন দর্শকদের কৌতূহল ছিল, তেমনই মুক্তির পর শুরু হয়েছে সমালোচনাও। ছবির আয়, গল্প, এমনকি হলিউডের ছবির সঙ্গে মিল থাকার অভিযোগও উঠেছে সমাজমাধ্যমে। সেই পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়ালেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহর।
৩ জুলাই মুক্তি পাওয়া ‘আলফা’ দেশের প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল প্রায় ৯.২৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় আরও কমে প্রায় ৫ কোটিতে নেমে আসে বলে ট্রেড রিপোর্টে দাবি করা হয়েছে। এই পরিসংখ্যান সামনে আসতেই প্রশ্ন উঠেছে, যশরাজের সফল স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবির তুলনায় কেন এত পিছিয়ে পড়ল ‘আলফা’।
তুলনায় দেখা যাচ্ছে, ‘ওয়ার ২’ দ্বিতীয় দিনে প্রায় ৫৭.৮৫ কোটি টাকা, ‘পাঠান’ দ্বিতীয় দিনে ৭০.৫০ কোটি টাকা এবং ‘টাইগার ৩’ দ্বিতীয় দিনে প্রায় ৫৯.২৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই নিরিখে ‘আলফা’ এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দুর্বল সূচনা করেছে বলেই মত বক্স অফিস বিশ্লেষকদের একাংশের।
ছবির এই পারফরম্যান্সের পাশাপাশি আলিয়া ভট্টের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ছবির জন্য তিনি প্রায় ২৫ কোটি টাকা নিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে অনেকেই সমাজমাধ্যমে সমালোচনা করছেন অভিনেত্রীকে।
এই আবহেই নিজের বক্তব্য প্রকাশ করেন কর্ণ জোহর। সমাজমাধ্যমে তিনি লেখেন, বর্তমান সময়ে দর্শকদের সিনেমা হলে টেনে আনা অত্যন্ত কঠিন কাজ। তাঁর মতে, সেই চ্যালেঞ্জের মধ্যেও ‘আলফা’ ভালো সূচনা করেছে এবং সমাজমাধ্যমের নেতিবাচক মন্তব্যকে সবসময় বাস্তবের দর্শক সমর্থন করেন না।
কর্ণের কথায়, আলিয়া ভট্ট একজন জনপ্রিয় তারকা, তাঁর অভিনয় দক্ষতা এবং বড় পর্দার আবেদন নিয়ে সমাজমাধ্যমের সমালোচনা কোনও চূড়ান্ত সত্য নয়। তিনি আরও বলেন, যশরাজ ফিল্মস বরাবরই এমন সিনেমা তৈরির চেষ্টা করে, যা বড় পর্দায় দেখার অভিজ্ঞতাকে আলাদা মাত্রা দেয়। সেই প্রচেষ্টাকে উৎসাহ দেওয়া উচিত বলেই তাঁর মত।
তিনি দর্শকদের উদ্দেশে আবেদন জানিয়ে লেখেন, সমাজমাধ্যমের বিতর্কে না জড়িয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগ দেওয়া উচিত। তাঁর দাবি, সিনেমা হলগুলিকে আবার প্রাণ ফিরিয়ে আনতে এই ধরনের বড় বাজেটের ছবির প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে ‘আলফা’র পাশাপাশি প্রেক্ষাগৃহে চলছে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, ‘বেবি ডু ডাই ডু’-র মতো হিন্দি ছবি এবং হলিউডের ‘অবসেশন’। একাধিক নতুন ছবির ভিড়ে ‘আলফা’ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?